বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল-২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভৈরব স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

ভৈরব স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে গতকাল রাত পৌনে ১২টায় ছেড়ে আসে। পৌনে তিনটার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয়। ২টা ৫৫ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে যাওয়ার সিগন্যাল পায়। ট্রেনটি ধীরগতিতে ১৫০ মিটার এগিয়ে যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনায় ঢাকাগামী আন্তনগর পারাবত, আন্তনগর উপবন, তিতাস কমিউটারসহ কয়েকটি মেইল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ভৈরব স্টেশনে আটকে পড়ে। এ কারণে হাজারো যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পৌনে চার ঘণ্টা পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। ভৈরব স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি বলেন, ‘উদ্ধারকাজ চলছে। কখন শেষ হবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। দুর্ঘটনার কারণে প্রায় সব ট্রেন কয়েক ঘণ্টা করে যাত্রাবিলম্ব হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com