

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৭ মিনিটে তিনি সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ নম্বর গেট দিয়ে হেঁটে বেরিয়ে যান। প্রধানমন্ত্রী হেঁটে গেলেও ধীরে ধীরে তার পেছনে পেছনে যায় গাড়ি বহর। এ সময় তার আশপাশে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে এসে উপস্থিত হন তারেক রহমান। সকাল ৯টা ৩০ মিনিটে তিনি নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কারসহ বেশ কিছু নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজ দুপুর দেড়টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন তারেক রহমান।