

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে পাহাড়ি এলাকায় শ্বাসনালি কাটা সেই সাত বছরের শিশু জান্নাতুল নিশা ইরা মারা গেছে। তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. রমিজ।
পুলিশ জানায়, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছিল। তবে কে বা কারা এ ঘটনা ঘটাতে চেয়েছিল, তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। এদিকে পরিবারের সদস্যরাও এ ঘটনার বিচার চেয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় সম্পৃক্ত তা জানেন না বলে জানিয়েছে তারা। শিশুর পরিবার জানায়, সে কীভাবে দুর্গম পাহাড়ি এলাকায় গেছে, সেটি জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ১০টার দিকে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে থাকা সহস্রধারা ঝরনার আরও অন্তত ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে শিশুটি গলাকাটা অবস্থায় পড়ে ছিল। এসময় তার গলা থেকে রক্ত ঝরছিল। সেখানে সড়কটির সংস্কারের কাজে থাকা শ্রমিকেরা শিশুটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। তাদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে তারা দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিশুটিকে।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ওই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে শিশুর মা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছেন। আমরা অপরাধীকে শনাক্তের চেষ্টা করছি।