

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪ মাস ও ১০ মাস বয়সী আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুর একজন জামালপুর সদর উপজেলার বাসিন্দা ও অপর শিশু ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুরের শিশুটি গত ১১ মে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১২ মে বিকেলে মারা যায়। ঈশ্বরগঞ্জের শিশুটি গত ৫ মে সকালে হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে ভোরে মারা যায়।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সময়মতো টিকা প্রদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।