শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ছুটির শেষ দিনেও ‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে চিড়িয়াখানায় উপচেপড়া ভিড়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৭ বার

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন আবহে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের টানা ছুটির শেষ দিন আজ রবিবার (৩১ মে) সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন হাজারো দর্শনার্থী। আর এই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।

সকাল ১০টার পর থেকেই চিড়িয়াখানার টিকিট কাউন্টারে দেখা গেছে দীর্ঘ সারি। টিকিট সংগ্রহ শেষে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ একে একে চিড়িয়াখানায় প্রবেশ করেন। বাঘ, হাতি, জিরাফ, হরিণ ও বানরের খাঁচার সামনে উপচেপড়া ভিড় থাকলেও, বিশেষ কৌতূহল দেখা গেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে নিয়ে।

কোরবানির পশু হিসেবে একসময় বিক্রি হওয়া এবং বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় স্থান পাওয়া এই সাদা (অ্যালবিনো) মহিষটিকে এক নজর দেখতে খাঁচার সামনে ভিড় জমাচ্ছেন সব বয়সী মানুষ। বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা মুহিন উদ্দিন বলেন, ফেসবুকে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে দেখেছিলাম। সরাসরি দেখার আগ্রহ থেকেই বন্ধুদের নিয়ে এসেছি। এত ভিড়ের মধ্যেও পরিবেশটা বেশ উপভোগ করছি।
প্রচণ্ড গরমের মধ্যেও দর্শনার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে কোনো কমতি ছিল না। অনেকেই চিড়িয়াখানার বিশ্রামাগার ও লেকপাড়ে বসে সময় কাটিয়েছেন। কেউ সেলফি তুলেছেন, আবার কেউ স্মৃতি ধরে রাখতে ভিডিও ধারণ করেছেন। ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা চিড়িয়াখানায় এসেছেন।

শেওড়াপাড়া থেকে আসা রিজওয়ান বলেন, ‘বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। প্রতিবছর ঈদের সময় গ্রামে যাওয়া হয়। এবার ঢাকায় ঈদ করায় ঘুরতে আসার সুযোগ পেয়েছি।’

রামপুরা থেকে আসা জেসমিন আক্তারও তাঁর দুই ছেলেকে বাঘ আর হাতি সামনাসামনি দেখাতে পেরে আনন্দ প্রকাশ করেন।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখার পাশাপাশি নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, ঈদের দ্বিতীয় দিনেই জাতীয় চিড়িয়াখানায় এক লাখের বেশি দর্শনার্থী এসেছিলেন, আর আজ ছুটির শেষ দিনেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দর্শনার্থীদের এই বিপুল উপস্থিতির কারণে মিরপুরের সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা গেট পর্যন্ত যানবাহনের তীব্র চাপ দেখা যায়। খোলা মোড় থেকে শুরু করে চিড়িয়াখানার প্রবেশপথ পর্যন্ত যানজট সৃষ্টি হওয়ায় অনেক দর্শনার্থীকে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চিড়িয়াখানার ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

চিড়িয়াখানার প্রধান ফটকের বাইরে খাবার, খেলনা, আচার ও ময়ূরের পাখা বিক্রেতাদের বেচাকেনাও ছিল জমজমাট। আচার বিক্রেতা রিয়াজ উদ্দিন জানান, গতকাল বিকেলের পর থেকেই দর্শনার্থীর সংখ্যা বেড়েছে এবং আজ সকাল থেকে মানুষের চাপ বেশি থাকায় ভালো বিক্রির আশা করছেন তিনি।

এদিকে, ঈদের টানা ছুটি শেষ হওয়ায় আজ থেকেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ কিছুটা কম। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা বেশ স্বস্তিতেই রাজধানীতে ফিরে আসছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com