

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের কয়েকটি জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণসহ তৃণমূলের দলীয় গ্রুপিং-কোন্দল নিরসনের বিষয়েও আলোচনা হয়েছে।
আগামী কয়েকদিনে তিনি পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন পর আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোও প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা গলদঘর্ম অবস্থা বিএনপির। কেননা দলটির সামনে তৃণমূলে প্রার্থীর ছড়াছড়ি। এক্ষেত্রে একক প্রার্থী নির্ধারণ করা বিএনপির হাইকমান্ডের জন্য অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এখন নির্বাচনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে সরাসরি তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও মূল্যায়ন নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তৃণমূলের যোগ্য ও জনপ্রিয় নেতাদের ভোটের মাঠে নিয়ে আসতে জেলা-উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন তিনি। এ লক্ষ্যে গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রংপুর বিভাগের কয়েকটি জেলার শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ও রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়কে আরও বেশি গতিশীল, ঐক্যবদ্ধ ও নির্বাচমুখী করতে বিএনপির শীর্ষ নেতৃত্বের এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৈঠক শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ কালবেলাকে বলেন, বৈঠকে স্থানীয় সরকার ও নির্বাচন এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে এককভাবে প্রার্থী ঠিক করতে হবে। এ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত নিয়েছেন। তাদের মতামতের ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঠিক করা হবে। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী অন্যান্য বিভাগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বসে মতবিনিময় করবেন বলে জানান ফরহাদ হোসেন আজাদ।
বৈঠকে অংশ নেওয়া ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ কালবেলাকে বলেন, আমাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ছিল বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি বৈঠক করবো। সেটি সম্ভব হয়েছে।
তিনি বলেন, বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে দলীয় প্রার্থী ঠিক করা নিয়ে আলোচনা হয়েছে। কেউ দলের নির্দেশনা অমান্য করে প্রার্থী হলে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।