

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া বোমা সদৃশ পরিত্যক্ত বস্তু দুটিকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ শনিবার দুপুরে ব্যাগ দুটি পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজশুরু করে।
বিকেলে সদৃশ পরিত্যক্ত বস্তু দুটি কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত করেছে ডিএমপি। আর এ নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। ডিএমপি জানায়, সন্দেহজনক ব্যাগে মিলেছে জর্দার কৌটা ও পান।
ডিএমপি জানায়, আজ শনিবার দুপুরে ঢাকার এই দুটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনের নিচে বস্তা ও ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় ও পথচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিএমপির সংশ্লিষ্ট থানা-পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
জানা যায়, প্রথম ঘটনায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু থাকার খবরের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে একটি পরিত্যক্ত ব্যাগ এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে ভেতরের একটি কৌটাসদৃশ ইমেজ দেখা যায়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পরবর্তীতে ব্যাগটি খুলে পরীক্ষা করে দেখা যায়, তাতে কেবল জর্দার একটি কৌটা ও পান ছিল। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর দ্রব্যাদি পাওয়া যায়নি।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, ‘বোমা সদৃশ ব্যাগ থেকে পান, সুপারি ও জর্দার কৌটা পাওয়া গেছে। এখান থেকে কোনো বোমা বা বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার হয়নি।’
এদিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করে সন্দেহজনক কোনো বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।