

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকেই কাঁচা মরিচ আমদানি শুরু করা যাবে।
আজ রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে। একই সঙ্গে আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। এতে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল।