সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের অঙ্গীকারের কোনো ঘাটতি নেই মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতীয় নির্বাচন যেটা করেছি, যেভাবে করেছি, তারচেয়ে বেটার হবে, খারাপ হবে না।

আজ সোমবার (২৪ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ’স লোকাল গভর্নমেন্ট ইলেকশনস’-শীর্ষক সংলাপের আয়োজন করে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন টু ইলেক্টোরাল সিস্টেম। এতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা অংশ নেন।

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে জানিয়ে সিইসি বলেন, আমরা চাইব বেটার করার। ওই স্ট্যান্ডার্ড আমরাই সেট করেছি। ওই স্ট্যান্ডার্ডের নিচে তো আমরা যেতে পারি না। যদি পারি, বেটার করব।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা পেলে কোনো অসুবিধা হবে না জানিয়ে তিনি বলেন, কারণ আমাদের তো অনেক লেসন, শিক্ষা হলো। সেই অনুযায়ী আমরা মনে করি অসুবিধা হবে না।

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা একটু বেশি হয় জানিয়ে সিইসি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা এখানে একটু বেশি থাকবে। তো আশা করি আমরা সবাইকে নিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারব।

নাসির উদ্দিন যোগ করেন, অতীতে দেখা গেছে, এই ইলেকশনে খুব ভায়োলেন্সটা একটু বেশি হয়। সেটা আমাদের মাথায় আছে। সেইভাবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে মোবিলাইজ করার চেষ্টা করব।

সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে কিছু জানানো হয়েছে কি না-জানতে চাইলে সিইসি বলেন, সরকার থেকে সিদ্ধান্ত নেবে না। আমরা নেব। আমরাই তাদের সঙ্গে আলোচনা করে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেব, দিনক্ষণ আমরাই ঠিক করব।

স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, দিনক্ষণ এখন বলা যাবে না। এটা অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে। কিছু আইন সংশোধনের জন্য সময় লাগবে।

তবে তেমন সময় লাগবে না জানিয়ে তিনি আরও বলেন, আইনে বাধ্যবাধকতা যেটুকু সেটা মাথায় রেখে প্রস্তুতি চলছে। এই নির্বাচন করতে সরকার লাগবে, পুলিশ লাগবে, বিজিবি লাগবে। এটা শুধু ইলেকশন কমিশনের একার প্রস্তুতি না। এই সমস্ত বাহিনী যারা ইলেকশনে কাজ করবে তাদের প্রস্তুতি তো দরকার। যখন সবাই রেডি হবে, তখন বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত।

কবে নাগাদ হতে পারে-জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, আমাদের সামগ্রিক প্রস্তুটিটা অনগোয়িং।

অক্টোবর ধরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে কি না-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, আমাদের এখানে ইলেকশন করতে গেলে অনেক কিছু বিবেচনায় নিতে হয়। দুর্গাপূজা, বর্ষাকাল, বার্ষিক পরীক্ষাসহ নানাবিধ কনসিডারেশন আছে।

তিনি আরও বলেন, এগুলো সব বিবেচনায় নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। তবে আশা করি, এটা কিন্তু এমন না যে ব্যাডলি ডিলেড হবে। কিন্তু যথাসম্ভব আমরা সবকিছু বিবেচনায় নিয়ে যাতে শুরু করতে পারি সেভাবে ব্যবস্থা নেব।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কবে হবে-এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা ৯০ দিনের মধ্যে হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না। উই আর ওয়ার্কিং অন দিস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com