মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার
পাথরঘাটা থেকে প্রায় এক শ কিলোমিটার দক্ষিণ পূর্বদিকে গভীর বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে (২৫ আগস্ট) গভীর সাগর থেকে অন্য ট্রলারের সাহায্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারটির মালিক মো. আশ্রাফ মিয়া ও মাঝি বাদল মোল্লা। ডুবে যাওয়া ট্রলারে থাকা বাদল মোল্লা টেলিফোনে বলেন, গভীর সাগর থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করে পাথরঘাটায় তাদের নিজ নিজ বাড়িতে রওনা হয়েছে।

নিহত পাঁচ জেলে হলেন পাথরঘাটা সদর ইউনিয়নের নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।

এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি বরকত’ ট্রলারটি গভীর সাগরে ডুবে যায়।

দুর্ঘটনার সময় ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার প্রায় ৪ ঘণ্টা পর পাশ দিয়ে যাওয়া অপর একটি মাছ ধরা ট্রলারে উঠে ৮ জেলে প্রাণে বাঁচেন। তবে ওই সময় ট্রলারের ডেকের ভেতরে থাকা ৫ জেলে ডুবে যাওয়া ট্রলার থেকে বের হতে পারেননি।উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল।

জাল ফেলার পর কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ডেকের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তীব্র ঢেউ ও ঝড়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। ট্রলারটি ডুবে যাওয়ার পর আমিসহ ৮ জেলে প্রায় ৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলাম। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার আমাদের উদ্ধার করে। তবে ওই সময় নিখোঁজ পাঁচ জেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ২টি ট্রলার গভীর সাগরে পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর পর মঙ্গলবার নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর নিহত জেলেদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বড়িতে বাড়িতে চলছে কান্নার আহাজারি। মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত নিহতদের মরদেহ পাথরঘাটায় ঘাটে পৌঁছায়নি।

পাথরঘাটার উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল বলেন, ‘মরদেহগুলো উপকূলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com