

তিন মেট্রোরেলসহ ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪০ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে সরকারি নিজস্ব তহবিল (জিওবি) থেকে ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে বৈদেশিক সহায়তা থেকে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ০৯ লাখ টাকা সংস্থান করা হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে চলতি অর্থবছরের ৩য় একনেক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তাবিত প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৭টি সম্পূর্ণ নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান; পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অংশ নেন।
এছাড়া সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী সরদার এসএ মুহিত এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পরিবহন ও যোগাযোগ খাতের বড় কয়েকটি প্রকল্প বিশেষ গুরুত্ব পেয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুট, লাইন-৫ নর্দান রুটের ১ম সংশোধিত এবং লাইন-১ এর ১ম সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
একইসঙ্গে রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়কগুলো মান ও প্রশস্ততায় উন্নীতকরণের দুটি পৃথক প্রকল্প অনুমোদন পেয়েছে।
অন্যদিকে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্রাকশন প্রবর্তন এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ সংক্রান্ত ১ম সংশোধিত প্রকল্প পাস করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরিশাল সেনানিবাস স্থাপন (২য় পর্যায়) এবং খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন (১ম সংশোধিত), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে টেক্সটাইল ও লেদার খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অপারেশন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়েছে।
এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি উন্নয়ন প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়, যেগুলো পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতোপূর্বে অনুমোদিত হয়েছিল। এসব ছোট প্রকল্পের মধ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (২য় সংশোধিত), রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ (১ম সংশোধিত), ভাসানচরে গ্রিন বেল্ট স্থাপন ও কক্সবাজারে বনায়ন (১ম সংশোধিত), দেশি মুরগি গবেষণা ও সংরক্ষণ, অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক, রংপুর জোনের বেইলি সেতু প্রতিস্থাপন (১ম সংশোধিত), আরডিএ ভবন নির্মাণ, জালালাবাদ সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন, সিলেটের বন্যা পূর্বাভাসে ৩ডি এলিভেশন মডেল, সৈয়দপুর ও খুলনার সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষার ‘SSPIRIT’ প্রকল্প, বরগুনা ও দিনাজপুর জেলা স্টেডিয়াম উন্নয়ন এবং সিলেট-১০ নম্বর অনুসন্ধান কূপ খনন (২য় সংশোধিত) প্রকল্প রয়েছে।