

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেন, ‘আগের লং মার্চে জামায়াতের আমির বলেছিলেন, “জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে।” আর এবারের লং মার্চে তিনি বলেছেন, ‘জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে। জাতি কি জানে, তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো?’
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াতের আমির গত লং মার্চে বললেন, জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে! আজকের লং মার্চ থেকে বললেন, জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে! কিন্তু জাতি কি জানে তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো? যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারে না, সেই নেতা শুধু জামায়াতি জাতির নেতা হতে পারে, সমগ্র জাতির নেতা হতে পারে না!
তিনি আরও লেখেন, লং মার্চে জনগণ কেমন সাড়া দিবে, সেটা গতকাল ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচি থেকে মোটামুটি বোঝা গেছে! সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে! কোন বাধা নেই, তারপরও জাতি সাড়াশব্দ করছে না! এই পিছনের কারণ কি এনসিপি কখনো অনুসন্ধান করার চেষ্টা করেছে?
সবশেষ তিনি লেখেন, দেখেন এই জাতি ভুলে নাই যে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনের আগে বলেছিল, জামায়াতের নেতৃত্বকে এই দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না! কিন্তু নাহিদ ইসলাম যেদিন জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করলেন, সেদিন থেকে দুই নেতার কোনো নেতার আহ্বানেই জাতি আর সাড়া দিচ্ছে না!