সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

দেশের সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার

৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার জারি করা প্রজ্ঞাপনে তাদের কর্মস্থল নির্ধারণ করা হয়। পদায়ন পাওয়া প্রভাষকদের আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে যোগদান করতে বলা হয়েছে। আজ সোমবার সংশোধিত প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে ৩৯৮ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকেরা বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর যোগদান করেন।

এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করেন তারা। প্রশিক্ষণ শেষে ৩৩৯ জনকে তাদের নির্ধারিত সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন পাওয়া প্রভাষকদের ১২ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। তাদের যোগদানের বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) জানাতে হবে।

এ ছাড়া পদায়ন পাওয়া প্রভাষকদের নিজ নিজ কর্মস্থলে অন্তত দুই বছর দায়িত্ব পালন করতে হবে। এ সময়ের মধ্যে অন্যত্র বদলির কোনো আবেদন বিবেচনা করা হবে না। বেতন-ভাতা উত্তোলনে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট প্রভাষকেরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সংযুক্ত হিসেবে গণ্য হবেন। এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com