

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শনিবার সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী ৩টি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।
এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দের উদ্দেশ্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সড়ক পথে রূপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তায় সড়ক পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট অক্টোবরে পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটি পাওয়ার স্টার্ট-আপ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। সব কিছু স্বাভাবিক নিয়মে অগ্রসর হলে স্বল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।