বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

অন্তঃসত্ত্বা-দুধ পান করানো মাকে টিকা দিতে সুপারিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৯০ বার

অন্তঃসত্ত্বা নারী এবং দুধ পান করানো মাকে করোনাভাইরাস প্রতিরোধক টিকা দিতে সুপারিশ করেছে জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ)। আজ সোমবার এ সিদ্ধান্ত দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গঠিত এ কমিটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কমিটির সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ।

বে-নজীর আহমেদ গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে সরকার টিকা নিয়ে নানা পরামর্শ চায়। আমরা পরামর্শ দিই। এরই ধারাবাহিকতায় আজ গর্ভবর্তী এবং সন্তানকে দুধ পান করাচ্ছেন এমন নারীদের টিকা দেওয়ার প্রসঙ্গ আসে। তার আলোকে আমরা মত দিয়েছি, গর্ভবতী এবং সন্তানকে দুধ পান করানো এমন মায়েদের করোনার টিকা দেওয়া যাবে।

অন্তঃসত্ত্বা নারী এবং দুধ পান করানো মাকে টিকা প্রদানের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, সে ব্যাপারেও জানান জাতীয় টিকা পরামর্শক কমিটির সদস্য ও জনস্বাস্থ্য এ বিশেষজ্ঞ। তিনি জানান, স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চায়, টিকা দেওয়া হোক। তাদের সংগঠনের সভাপতিও কমিটির সভায় এসেছিলেন। কমিটিকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান ওজিএসবির সভাপতি। সেখানে তিনি গর্ভবতী ও দুধপান করানো মায়েদের টিকার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের অবস্থান তুলে ধরেন। সে মোতাবেক জাতীয় টিকা পরামর্শক কমিটি এ সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কয়েক দিন আগে বিশেষজ্ঞরা পরামর্শ দিলে তারা টিকা দেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন। এখন এটা সরকারের সিদ্ধান্তের বিষয় তারা টিকা দেবেন কিনা।

করোনাভাইরাস শুরু হওয়ার পর এর টিকা নিয়ে নানা পরামর্শ দিয়েছেন বলে জানান বে-নজীর আহমেদ। তারা প্রতিটি টিকার ব্যাপারে নানা পরামর্শ দিয়েছেন এবং সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com