শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

কোটা খালি রেখেই শেষ হলো হজ নিবন্ধন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৯৫ বার

আট দফা সময় বাড়িয়েও হজযাত্রীর কোটা পূরণ করা সম্ভব হয়নি। এ অবস্থায়ই বুধবার চলতি বছরের হজ নিবন্ধনের সময় শেষ হলো।

সবশেষ পাওয়া তথ্যানুসারে, ১ লাখ ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। কোটা পূরণে আরো ৭ হাজার ৫০৩ জন হজযাত্রী নিবন্ধনের প্রয়োজন ছিল।

বুধবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বৈশ্বিক পরিস্থিতির কারণে বেড়েছে হজের খরচ। তাই প্রাথমিকভাবে নিবন্ধন করেও চূড়ান্ত নিবন্ধনে আগ্রহে ভাটা পড়ে মানুষের।

সৌদি আরবের সাথে হজচুক্তি অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী যাওয়ার সংখ্যা নির্ধারিত ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজের সুযোগ পাওয়ার কথা। হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, কোটা খালি থাকার কারণে আগামী বছরে হজের কোটা পেতে কোনো সমস্যা হবে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে এবার অনেক দেশেরই হজের কোটা খালি থাকবে।

মঙ্গলবার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে, সার্ভার বন্ধের মাধ্যমে ২০২৩ সালের হজ নিবন্ধন কার্যক্রম শেষ করা হয়েছে বলে নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ নিবন্ধন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধনের শেষ সময় থাকলেও তা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। তবে কোটার বিপরীতে খুবই কমসংখ্যক হজযাত্রী নিবন্ধিত হন। পরে নিবন্ধনের সময় ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। সেই সময়েও কোটার অর্ধেকেরও কম হজযাত্রী নিবন্ধিত হন।

এরপর নিবন্ধনের সময় ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যেও সাড়া পাওয়া যায়নি। তাই নিবন্ধনের সময় ফের ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। পরে সময় আরেক দফা বাড়িয়ে করা হয় ৩০ মার্চ পর্যন্ত। ওই সময়ের মধ্যেও কোটা পূরণ না হলে, শেষে নিবন্ধনের সময় ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর আর সময় বাড়ানো হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com