

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশাল নগরীর বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও পোস্টার টাঙিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ সময় বাড়ির সামনে আহাজারি করেন গুমের শিকার সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম। সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ফিরোজা বেগম জানান, দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে তিনি সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন। সন্তানদের কী অপরাধ ছিল, কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো, এ প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করেন এই মা।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে তারা মনে করেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার চান তারা। বরিশালের ছাত্র-জনতার দাবি, জিয়াউল আহসানের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে।
একপর্যায়ে বিক্ষুব্ধরা জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন। পরে বাড়ির গেটে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানো হয় এবং কালি দিয়ে মুছে ফেলা হয় বাড়ির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’। বাড়ির সামনে জিয়াউলের হাতে নিহত ও গুম হওয়া ব্যক্তিদের তালিকাসহ একটি ব্যানারও ঝোলানো হয়।
এদিকে প্রসিকিউশনের যুক্তিতর্কে উঠে এসেছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে এ সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উঠে এসেছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে জবানবন্দিতে তাঁকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক থাকাকালে গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে নির্যাতনের পর গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে।
২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।