বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

নারীবান্ধব ক্যাম্পাস গড়তে উমামা ফাতেমার একগুচ্ছ প্রতিশ্রুতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘‌স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি নির্বাচিত হলে নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন।

তার প্রচার-প্রচারণা বেশি গুরুত্ব পাচ্ছে ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার। ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতিও দিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উমামা ফাতেমা নারীবান্ধব ক্যাম্পাস গড়তে কী কী করবেন, তা জানিয়েছেন।

উমামা ফাতেমা লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের বাস্তবতা হলো নারী শিক্ষার্থীরা এখনও আবাসন সংকট, নিরাপত্তাহীনতা ও বৈষম্যমূলক আচরণের শিকার।

তিনি লেখেন, আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী সমান মর্যাদা ও নিরাপত্তা পাওয়া তার অধিকার। সেজন্য আমার ইশতেহারে নারীর অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।

উমামা নারীদের জন্য প্রধানত তিনটি কাজ করতে চান৷ সেগুলো হলো-

১. নারীদের জন্য আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ।

২. অনাবাসিক ও বিবাহিত ছাত্রীদের জন্য ডে-কেয়ার সেন্টার।

৩. ছাত্রীদের প্রতিটি আবাসিক হলের ফটকে নারী গেটকিপারের উপস্থিতি নিশ্চিতকরণ।

ভিপি প্রার্থী উমামা ফাতেমা আরও লেখেন, তাছাড়া এক হলের ছাত্রী অন্য হলে প্রবেশের সুযোগ, যাতে সব ছাত্রী সমান অধিকার ভোগ করতে পারে। আমি চাই, এ ক্যাম্পাস হবে সত্যিকারের নারীবান্ধব ক্যাম্পাস, যেখানে কেউ তার লিঙ্গ পরিচয়ের কারণে পিছিয়ে থাকবে না।

ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী- আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। একই দিনে গণনা শেষে ফল ঘোষণা করবে ডাকসুর নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com