

আগামী জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীতে বিজিবি সদরদপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ার আয়োজনে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে শান্তিশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে ইসির।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে প্রতিটা আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। ভোটের আগে উন্নতি হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘আজকে এখানে খুব সুন্দর একটি মহড়া দেখলাম। এটি পুরোপুরি আমাদের নির্বাচন সংস্কৃতি বিবেচনায় করে করা হয়েছে। সাধারণত নির্বাচনে যেসব ধরনের ঘটনা ঘটে, বা যেভাবে নির্বাচন পরিচালিত হয়। সব কনসিভেবল ডাইমেনশন মাথায় রেখে বিজিবি প্রশিক্ষণ দিয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত।’
নির্বাচনী ডিউটি নিয়মিত আসে না উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, ‘৪ থেকে ৫ বছর পরপর আসে বলে বাহিনীগুলোকে বিশেষ ট্রেনিং নিতে হয়। বিজিবি নিয়মিত কাজ সীমান্ত এলাকায়। আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ ১৩০টি সেন্টারে নির্বাচনভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে। আনসার-বিডিবির মহড়া দেখেছি। তারাও প্রশিক্ষণ নিচ্ছে। বিজিবির এ অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাতে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। সেজন্য সদস্যদের তৈরি করছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী তাদের সদস্যদের নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি, এই প্রশিক্ষণ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রভাব ফেলবে। আমি আশা করি, সব আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক এবং ১৩ কোটি ভোটার মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচন অর্জন করবো।’
এদিকে বিজিবি জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিজিবির ১২১০ প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। আরও উল্লেখ্য, সন্দীপ, হাতিয়া ও কুতুবদিয়া ব্যতীত সব উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টি উপজেলায় বিজিবি সদস্য এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।