

গত মাসে লিওনেল মেসির মালিকানাধীন একটি ক্লাব হারিয়েছে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও আর্সেনালকে। জায়গা করে নিয়েছে মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতার ফাইনালে। ঘটনাটি কোনো ফুটবল ব্যবস্থাপনার ভিডিও গেম কিংবা ইলেকট্রনিক আর্টসের ফুটবল খেলায় ঘটেনি। বাস্তবেই এমন কীর্তি গড়েছে স্পেনের পঞ্চম বিভাগের ছোট্ট ক্লাব ইউই কর্নেয়া।
তবে গল্পের সবচেয়ে চমকপ্রদ দিক হলো, এই সাফল্য ক্লাবটির মূল দলের নয়। মায়ামিতে অনুষ্ঠিত মেসি কাপে অনূর্ধ্ব-১৬ দল যখন আর্সেনালকে হারিয়ে আলোচনায়, তখন বার্সেলোনায় নিজেদের মাঠে অনেক কম জৌলুশের এক ম্যাচ খেলছিল কর্নেয়ার মূল দল।
দ্বিতীয়ার্ধে মার্ক এস্তেবানের গোলে ইগনাসি সেনাব্রের দল এফই গ্রামার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে। তবে তাতে ক্লাবটির হতাশাজনক মৌসুমে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। গত এপ্রিলে আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক তারকা মেসি ক্লাবটির মালিকানা নেওয়ার পরও মাঠের পারফরম্যান্সে এখন পর্যন্ত প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি।
মেসির মালিকানা নেওয়ার পর ক্লাবটিকে ঘিরে আলোচনায় এসেছিল ‘রেক্সহ্যামের মতো হয়ে ওঠার’ সম্ভাবনা। হলিউড তারকা রায়ান রেনল্ডস ও রব ম্যাকএলহেনির মালিকানায় ওয়েলসের ক্লাব রেক্সহ্যাম যেভাবে ইংলিশ ফুটবলের নিচের বিভাগ থেকে উঠে এসে প্রিমিয়ার লিগে ওঠার এক ধাপ দূরে পৌঁছেছে, সেই উদাহরণই সামনে আনা হয়েছিল।
তবে কর্নেয়ার এক কর্মকর্তা ইএসপিএনকে বলেন, ‘তুলনাটি বোধগম্য। কারণ, দুই ক্ষেত্রেই বিশ্বখ্যাত একজন ব্যক্তি যুক্ত হয়েছেন। তবে প্রকল্প, প্রেক্ষাপট ও পরিচালনাপদ্ধতি সম্পূর্ণ আলাদা। প্রতিটি ক্লাবের নিজস্ব পরিকল্পনা রয়েছে।’
তাহলে কর্নেয়াকে ঠিক কী হিসেবে গড়ে তুলতে চান মেসি? মূল দলকে স্পেনের শীর্ষ লিগে তুলে নেওয়াই কি তার লক্ষ্য, নাকি ক্লাবটির একাডেমি ও স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে বেশি সম্ভাবনা দেখছেন তিনি?
কর্নেয়ার কোচ সেনাব্রে প্রথমে মেসির মালিকানা নেওয়ার খবরটিকে ভুয়া ভেবেছিলেন।
ইএসপিএনকে সেনাব্রে বলেন, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে প্রথম খবরটি জানতে পারি। হঠাৎ সবাই বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করে। অথচ তার আগে কোথাও এ নিয়ে কিছু প্রকাশিত হয়নি। প্রথমে আমার মনে হয়েছিল, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কোনো খবর।’
এরপর সেনাব্রেকে ক্লাবের ছোট্ট স্টেডিয়ামের একটি সভাকক্ষে ডেকে নেওয়া হয়। সেটিই আবার তাদের অনুশীলন মাঠ হিসেবেও ব্যবহৃত হয়। বার্সেলোনার দক্ষিণ প্রান্তের কর্নেয়া দে ইয়োব্রেগাত এলাকায় অবস্থিত ক্যাম্প মিউনিসিপ্যাল দে কর্নেয়া। পাশেই স্পেনের শীর্ষ লিগের ক্লাব এস্পানিওলের আরসিডিই স্টেডিয়াম। দুই মাঠের মধ্যে মাত্র ১০ মিটার চওড়া একটি পথের ব্যবধান। এই এলাকাতেই জীবনের ২০ বছর কাটিয়েছেন মেসি।
সেখানে নিজের কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে মেসির পাঠানো পাঁচ মিনিটের একটি পরিচিতিমূলক ভিডিও দেখেন সেনাব্রে। অবশ্য মেসিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না কারও। সবাই জানতেন তিনি কে। তবে ক্লাবের একটি সূত্রের দাবি, শুরু থেকেই মেসি কতটা সম্পৃক্ত, ভিডিওটি তারই উদাহরণ।
ভৌগোলিক ও ফুটবলীয়—দুই দিক থেকেই বার্সেলোনা ও এস্পানিওলের ছায়ায় থাকা একটি ক্লাবের জন্য ঘটনাটি ছিল অভাবনীয়। ২০২৪ সালেও কর্নেয়া খেলেছে স্পেনের তৃতীয় বিভাগে। ২০২১ সালে কোপা দেল রেতে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল তারা। অতিরিক্ত সময়ে হেরে বিদায় নিতে হয়েছিল। তবে টানা দুইবার অবনমনের পর এখন স্পেনের আঞ্চলিক কাঠামোয় বিভক্ত পঞ্চম বিভাগের দ্বিতীয় মৌসুম পার করছে ক্লাবটি।
আটবারের ব্যালন ডি’অরজয়ী, এখনো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি যে কর্নেয়ার মালিক হবেন, তা কেউ কল্পনাও করেননি। কেন তিনি ক্লাবটি কিনেছেন, সেটিও অনেকের কাছে এখনো পরিষ্কার নয়।
সেনাব্রে বলেন, ‘মেসি কেন বিনিয়োগ করেছেন, তা আমি বলতে পারব না। তবে সর্বকালের সেরা ফুটবলার কর্নেয়ার দিকে নজর দিয়েছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
ইএসপিএনের সঙ্গে কথা বলা সমর্থকেরাও মেসির বিনিয়োগের কারণ ব্যাখ্যা করতে পারেননি। তবে ক্লাবের পরিবর্তনে তারা খুশি। মালিকানা পরিবর্তনের পরপরই বেশ কিছু ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে।
ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা প্রায় ৩৫ হাজার থেকে বেড়ে সব মাধ্যমে ১০ লাখ ছাড়িয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যার দিক থেকে এখন স্পেনের ক্লাবগুলোর মধ্যে কর্নেয়ার অবস্থান ১২তম। সেখানে তাদের অনুসারী এস্পানিওলের চেয়েও বেশি।
মেসির মালিকানা ক্লাবটিকে আন্তর্জাতিক পরিচিতি ও নতুন ব্যবসায়িক সুযোগ এনে দিয়েছে। নতুন পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে অ্যাডিডাস ও মাইইনভেস্টর। তাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন পোশাক ও বাণিজ্যিক চুক্তি। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো সবুজ জার্সি অনলাইনে কেনার সুযোগ তৈরি হয়েছে। চাইলে পেছনে ‘মেসি ১০’ লিখিয়েও জার্সি কেনা যাচ্ছে।
মেসি মূল দল ও একাডেমির মধ্যকার ব্যবধান কমাতে নতুন একটি দ্বিতীয় দল গঠনের উদ্যোগও নিয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠা করেছেন নারী দল। চলতি মৌসুমে ফুটবলের সর্বনিম্ন বিভাগ থেকে যাত্রা শুরু করেছে দলটি। তবে পুরুষ দলের সমান সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। লক্ষ্য ধাপে ধাপে নিজেদের যোগ্যতায় ওপরের বিভাগে উঠে আসা।
নারী দলের অধিনায়ক আমারা ফোরকাদা ‘হার গোল’কে বলেন, ‘নারী ফুটবলে মেসির সম্পৃক্ততা আমাদের কাজের স্বীকৃতি। এটি প্রমাণ করে, নারী ফুটবল এখন একটি বাস্তবতা।’
ক্লাবের শীর্ষ পর্যায়ে সাংগঠনিক পরিবর্তন নিয়েও আলোচনা চলছে। এ বছরের শুরুতে ইন্টার মায়ামির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা গিয়ের্মো ওইয়োসও পর্দার আড়ালে পরামর্শকদের একজন হিসেবে যুক্ত রয়েছেন।
এখনো মূল দলে দেখা যায়নি ‘মেসি প্রভাব’
মাঠের খেলায় অবশ্য এখনো মেসির প্রভাব খুব একটা দৃশ্যমান নয়। গ্রামার বিপক্ষে ম্যাচে মেসির বিশ্বজোড়া পরিচিতি আর পঞ্চম বিভাগের ফুটবলের বাস্তবতার মধ্যে ব্যবধানটি ছিল স্পষ্ট।
স্টেডিয়ামের খাবারের দোকানে আর্জেন্টিনার জনপ্রিয় এমপানাদা পাওয়া যাচ্ছে। গ্যালারিতে কয়েকজন দর্শকের গায়ে মেসির জার্সি। তাদের বেশির ভাগই আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির রঙের জার্সি পরা ভ্রমণপিপাসু ফুটবলপ্রেমী।
স্টেডিয়ামে মাত্র একটি গ্যালারি রয়েছে, যেখানে প্রায় ৭০০ দর্শক বসতে পারেন। কর্নেয়ার ড্রয়ের ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন এক হাজারেরও কম দর্শক। পুরো পরিবেশ ছিল অনেকটাই নিষ্প্রাণ। কাতালোনিয়ায় নিচের বিভাগের ফুটবল জনপ্রিয়তা পেলেও কর্নেয়ার সমর্থকগোষ্ঠী এই অঞ্চলের সবচেয়ে বড় নয়।
তবে নিজেদের বিভাগের অন্যতম বড় বাজেটের ক্লাব কর্নেয়া। যদিও সেই আর্থিক সামর্থ্যের প্রতিফলন এখনো মাঠের খেলায় দেখা যাচ্ছে না। লিগে প্রথম ১০ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে তারা। ফলে উন্নীত হওয়ার লড়াইয়ের চেয়ে অবনমনের শঙ্কাই এখন বেশি।
সেনাব্রে বলেন, ‘মেসির মালিকানা নেওয়ার পর আমাদের দল অনেক ভালো হয়েছে। এখন আমাদের হাতে বেশি সম্পদ রয়েছে, প্রতিদিনের কাজের পরিবেশ উন্নত হয়েছে এবং সবকিছু আগের চেয়ে সহজ হয়েছে। আমরা ইতিবাচক পরিবর্তনগুলো অনুভব করছি। লক্ষ্য পরিষ্কার—উচ্চতর বিভাগে উন্নীত হওয়া। সেই লক্ষ্য পূরণের মতো দল ও সামর্থ্য আমাদের রয়েছে। প্রয়োজনীয় সবকিছুই আমাদের হাতে আছে।’
রেক্সহ্যামের গল্প সম্পর্কে আগে তেমন পরিচিত ছিলেন না সেনাব্রে। তবে কর্নেয়াও একই ধরনের রূপকথার গল্প লিখতে পারবে বলে আশা করেন তিনি।
তার ভাষায়, ‘কোনো সীমা নেই। অন্যরা সীমা নির্ধারণ করুক, আমরা করব না। শেষ পর্যন্ত কোথায় পৌঁছাতে পারি, সেটাই দেখা যাক।’
তবে বাস্তবে কর্নেয়ার সামনে একটি বড় বাধা রয়েছে। স্পেনের পূর্ব উপকূলের ভ্যালেন্সিয়া অঞ্চলের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানাও গত মাসে নিয়েছেন মেসি।
স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই মালিকানার কাঠামো। অনুমোদন পেলে একই সময়ে দুটি ক্লাবের মালিকানায় অংশীদার হতে পারবেন মেসি। তবে স্পেনের ফুটবল ফেডারেশনের ৩৭ নম্বর ধারা অনুযায়ী, দুটি ক্লাব একই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
ক্লাবসংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টি খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাদের যুক্তি, দুই ক্লাবের মধ্যে তিন বিভাগের ব্যবধান রয়েছে। তবে যে ব্যাখ্যাই দেওয়া হোক, বিষয়টি কর্নেয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় সরাসরি প্রভাব ফেলতে পারে।
কর্নেয়ার ভবিষ্যৎ গড়তে মেসির বিনিয়োগ একাডেমিতে
সমান্তরালে কর্নেয়ার সবচেয়ে বড় শক্তি হতে পারে তাদের ফুটবল একাডেমি। পুরুষদের মূল দল পঞ্চম বিভাগে নেমে গেলেও একাডেমির সুনাম অক্ষুণ্ন রয়েছে। ইউরোপের বড় বড় ক্লাবের নজরও নিয়মিত পড়ছে এখানকার প্রতিভাবান খেলোয়াড়দের ওপর।
স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে একাডেমির সাবেক তারকাদের স্মৃতি। দেয়ালে আঁকা ছবি, আলোকচিত্র ও জার্সিতে জায়গা পেয়েছেন জর্দি আলবা, ডেভিড রায়া, জেরার্ড মার্তিন, হাভি পুয়াদো ও আইতর রুইবালের মতো ফুটবলাররা।
স্পেনের বাইরেও একাডেমির কার্যক্রমের বিস্তৃতি রয়েছে। যুক্তরাষ্ট্রের ফুটবলার আদ্রিয়ান গিল ও পেদ্রো সোমাও এই একাডেমিতে নিজেদের গড়ে তুলেছেন। বর্তমানে তারা যথাক্রমে আটলান্টা ইউনাইটেড ও সান দিয়েগো এফসির হয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে খেলছেন।
সেনাব্রে বলেন, ‘তরুণ ফুটবলার গড়ে তোলার ক্ষেত্রে কাতালোনিয়ার অন্যতম শীর্ষ ক্লাব কর্নেয়া। বার্সেলোনা, এস্পানিওল এবং এখন জিরোনার পরই আমাদের অবস্থান।’
ইএফএম ইন্টারন্যাশনালের প্রতিনিধি ও ফুটবল এজেন্ট তোনি হুয়ানমার্তিও সেনাব্রের সঙ্গে একমত। তার মতে, কাতালোনিয়ার বড় তিন ক্লাবের বাইরে কর্নেয়া ও সিএফ দাম্মের একাডেমি সেরা।
তবে দুই ক্লাবের মধ্যে পার্থক্য হলো, দাম্মের কোনো পুরুষ মূল দল নেই। ফলে খেলোয়াড়দের ওপর কর্নেয়ার নিয়ন্ত্রণ বেশি। পাশাপাশি একাডেমির মাধ্যমে আর্থিক সুবিধা পাওয়ার সুযোগও বেশি।
হুয়ানমার্তি ইএসপিএনকে বলেন, ‘কর্নেয়ার একাডেমির সুনাম অনেক ভালো। পেশাদার ক্লাবে যোগ দেওয়ার আগে খেলোয়াড়দের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। অনেক খেলোয়াড় এখান থেকেই নিজেদের তৈরি করেছেন। কাতালোনিয়ার ফুটবলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।’
তিনি আরও বলেন, ‘তাদের প্রতিভাবান খেলোয়াড়দের ধরে রাখার বিষয়ে ক্লাবটি খুবই আন্তরিক। খেলোয়াড়দের পরিবারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখতে চায় তারা। একই সঙ্গে কোনো খেলোয়াড় ভবিষ্যতে পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হলে ক্লাব যেন আর্থিকভাবে লাভবান হয়, সেটিও নিশ্চিত করতে চায়। অন্য কোনো ক্লাব খেলোয়াড় নিতে চাইলে কর্নেয়া তার যথাযথ মূল্য পেতে আগ্রহী।’
‘তারা সব সময় ভবিষ্যতে খেলোয়াড় বিক্রির অর্থের একটি অংশ পাওয়ার বিষয়ে চুক্তি করার চেষ্টা করে। কোনো খেলোয়াড় পেশাদার ক্লাবে যোগ দিয়ে পরবর্তী সময়ে ভালো করলে কর্নেয়াও সেখান থেকে আর্থিক সুবিধা পেতে পারে।’
অন্য ক্লাবের সঙ্গে আলোচনা ও চুক্তির পাশাপাশি ফিফার নিয়মেও খেলোয়াড় তৈরির জন্য আর্থিক সুবিধা পাওয়ার ব্যবস্থা রয়েছে। কোনো ক্লাবের একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড় পরবর্তী সময়ে পেশাদার হলে কিংবা দলবদল করলে সেই ক্লাব প্রশিক্ষণ ক্ষতিপূরণ ও সংহতি তহবিলের অর্থ পেতে পারে। ফলে কিশোর বয়সে ক্লাব ছেড়ে যাওয়া কোনো খেলোয়াড়ও বহু বছর পর কর্নেয়ার আয়ের উৎস হতে পারেন।
তবে একাডেমির প্রকৃত আর্থিক মূল্য নির্ধারণ করা কঠিন। ২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় জর্দি আলবার দলবদলের সময় কর্নেয়া প্রায় ১৪ লাখ ইউরো পেয়েছিল বলে জানা যায়। অন্যদিকে ২০২৩ সালে জেরার্ড মার্তিন বার্সেলোনায় যোগ দেওয়ার সময় কর্নেয়ার আয় ছিল মাত্র প্রায় এক লাখ ইউরো।
অন্যদিকে ‘পালকো২৩’-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে খেলোয়াড়দের দলবদল থেকে কর্নেয়ার আয় হয়েছিল পাঁচ লাখ ৪০ হাজার ইউরো। ক্লাবটির মোট আয় যেখানে ১০ লাখ ইউরোর সামান্য বেশি, সেখানে এই অর্থের পরিমাণ উল্লেখযোগ্য।
গত মাসে মায়ামিতে অনুষ্ঠিত মেসি কাপে একাডেমির বর্তমান খেলোয়াড়দের মূল্য আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অনূর্ধ্ব-১৬ দল বিশ্বের সেরা বয়সভিত্তিক দলগুলোর বিপক্ষে খেলে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছে।
গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটিকে হারানোর পর ইন্টার মিলান ও আর্সেনালকে পরাজিত করে সিলভার কাপের ফাইনালে ওঠে তারা। শেষ পর্যন্ত মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের কাছে হেরে যায় কর্নেয়া। তবে স্পেনের পঞ্চম বিভাগের একটি ক্লাবের জন্য এই অর্জন ছিল অসাধারণ।
একাডেমিতে উঠে আসা প্রতিভার আরেকটি ঝলক দেখা গেছে এই প্রতিযোগিতায়। একই সঙ্গে নতুন একটি সম্ভাবনাও সামনে এসেছে। পুরুষদের মূল দলকে রেক্সহ্যামের মতো করে গড়ে তোলার পরিবর্তে একাডেমি, নারী দল ও স্থানীয় সম্প্রদায়কে কেন্দ্র করে একটি টেকসই ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করতে পারে কর্নেয়া।
মেসির বিনিয়োগে ক্লাবটির ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোবে, তা এখনো নিশ্চিত নয়। তবে একটি বিষয় স্পষ্ট—শুধু মূল দলের সাফল্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলার তৈরি করাও হতে পারে মেসির কর্নেয়া প্রকল্পের সবচেয়ে বড় লক্ষ্য।