

কারাবন্দিদের জন্য ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা বলার ব্যবস্থার উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নির্দিষ্ট ফোন নম্বরে সাত দিন পর পর একবার কথা বলার সুযোগ পান কারাবন্দিরা। তারা ১০ টাকার বিনিময়ে ১০ মিনিট কথা বলার সুযোগ পান। এবার একই পদ্ধতিতে ভিডিও কলেও কথা বলার সুযোগ পেতে যাচ্ছেন তারা।
সব ঠিক থাকলে দ্রুতই দেশের সব কারাগারে আইপি ফোন স্থাপন করা হবে। এটি বাস্তবায়িত হলে বন্দির স্বজনদের সাক্ষাতের ভোগান্তি কমবে বলে আশা করছে কারা কর্তৃপক্ষ।
কয়েকটি কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, একসময় ভাবা হতো কারাগারে টেলিফোন স্থাপন করা সম্ভব নয়। এর পেছনে বিভিন্ন সীমাবদ্ধতার কথা সামনে আনা হতো। কিন্তু ঠিকই ফোন স্থাপন সম্ভব হয়েছে এবং সফটওয়্যারের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে। সুতরাং আইপি ফোন স্থাপন করে বন্দিদের যোগাযোগব্যবস্থা আধুনিক করা তেমন কোনো কঠিন কাজ নয়। কারাগারে বন্দিদের সব স্বজন আসতে পারেন না। ভিডিও কলে কারাবন্দিরা সবাইকে দেখতে পারবে। এতে বন্দিদের বিষণ্ণতা কিছুটা হলেও কমবে।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, কারাগারকে আধুনিকায়নের ধারাবাহিকতায় বন্দিদের ভিডিও কলে কথা বলার বিষয়েও অধিদপ্তর উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বন্দিদের কথা বলার কার্যক্রম সফল হওয়ায় আইপি ফোনের মাধ্যমে ভিডিও কলের বিষয়টি গুরুত্ব পায়।