

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় ২০০ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন আজ থেকে সারাদেশে মাঠপর্যায়ে কাজ শুরু করছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, বর্তমানে ঢাকায় স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রস্তুত প্রক্রিয়া পর্যবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে তারা দেশের বিভিন্ন এলাকায় মোতায়েন হবেন। এরই মধ্যে ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। পাশাপাশি ইইউ কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হয়েছেন।
ইইউ পর্যবেক্ষকরা ভোটের দিন শহর, পৌর ও গ্রামাঞ্চলে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল তালিকা পর্যবেক্ষণ করবেন। নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করা হবে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে পরবর্তী দুই মাসের মধ্যে।