

বারবার পিছিয়ে যাওয়া চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর বহুল প্রত্যাশিত সিনেমা ‘পিনিক’ মুক্তি পাচ্ছে আসন্ন রোজার ঈদেই। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। ১ মিনিট ৪০ সেকেন্ড দীর্ঘ এই টিজারটি প্রকাশের পর থেকেই এর রুদ্ধশ্বাস অ্যাকশন ও ভিন্নধর্মী গল্পের আবহ দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। অন্যরকম এক রহস্য ও উত্তেজনায় ভরা টিজারে দেখা যায়, একটি অন্ধকার রুমে একজন নারীকে বেঁধে রাখা হয়েছে। তারপর মুখোশ পরে একজন ব্যক্তি অট্টহাসি দিয়ে রুমে প্রবেশ করে এবং ইলেকট্রিক করাত দিয়ে হত্যার দৃশ্য দেখানো হয়েছে। এতে বুবলীকে কনের সাজে এক রহস্যময় মুহূর্তে দেখা যায়।
এদিকে বুবলীর বিপরীতে অভিনয় করা আদর আজাদকে দেখা গেছে ধুন্ধুমার অ্যাকশন অবতারে। ভারী আগ্নেয়াস্ত্রের ব্যবহার, চেইন-স দিয়ে রক্তক্ষয়ী সংঘাত ও এমনকি কুমিরের উপস্থিতির মতো রুদ্ধশ্বাস সব দৃশ্য নজর কেড়েছে দর্শকদের। সিনেমার ট্যাগ লাইন ‘কেউ নিষ্পাপ না’-এর কাহিনিতে বড় কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্ত-অনুরাগী। সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল জানান, ‘পিনিক’ সিনেমার গল্পটি খুবই শক্তিশালী। রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার হলেও এই সিনেমায় থাকছে অ্যাকশন, হরর, রোমান্স। সব মিলিয়ে এটি দর্শককে দারুণ মজা দেবে।