বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪ বার

আইনি জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পূর্ণাঙ্গ ৪০০ নম্বরের সিলেবাসে আগামী এপ্রিল মাসের মাঝামাঝি (১৫-১৮ এপ্রিল) হবে এ পরীক্ষা। প্রাথমিক বৃত্তি পরীক্ষা মূলত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি মেধা-ভিত্তিক পরীক্ষা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। তবে ফল প্রকাশ ও বৃত্তি বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত কোটা ও পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।

সরকারি ও বেসরকারি শিক্ষার মান যাচাই এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এরই মধ্যে পরীক্ষার নতুন খসড়া কাঠামো প্রস্তুত করেছে। এইচএসসি পরীক্ষা শুরুর আগেই এই পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

পাঁচ বিষয়ে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা রয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি, গণিতে ৩০০ নম্বর এবং বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ৫০ নম্বর করে ১০০ নম্বরের সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।

তবে একই প্রশ্নপত্রে সরকারি ও বেসরকারি— সব ধারার শিক্ষার্থী পরীক্ষা দিলেও ফল প্রকাশ ও বৃত্তি বণ্টনে থাকবে আলাদা মোডালিটি।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ২০ শতাংশ বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আলাদাভাবে বৃত্তি পরীক্ষা নেওয়ার প্রথাটি মূলত ২০০৯ সালে বন্ধ করে দেওয়া হয়। এর পরিবর্তে ওই বছর থেকেই সারা দেশে অভিন্ন ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ পরীক্ষা চালু করা হয়েছিল এবং এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো।

করোনা মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে সমাপনী পরীক্ষা হয়নি। পরবর্তীতে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে আবারও আলাদা ‘বৃত্তি পরীক্ষা’ নেওয়া হয়েছিল, কিন্তু ২০২৩ ও ২০২৪ সালে তা আবারও স্থগিত থাকে।

দীর্ঘ এক যুগের বেশি সময় বন্ধ থাকার পর ২০২৫ সাল থেকে পুনরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হলে তা ‘বৈষম্যমূলক’ দাবি করে বেসরকারি ও কিন্ডারগার্টেন–সংশ্লিষ্ট কয়েকজন অভিভাবক ও শিক্ষক হাইকোর্টে রিট করেন।

শুনানি শেষে আদালত প্রথমে সংশ্লিষ্ট সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করেন এবং পরে রায়ে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি, রেজিস্টার্ড কিন্ডারগার্টেন ও অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেন। এর ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজন সম্ভব হয়নি এবং পুরো প্রক্রিয়াটি স্থগিত হয়ে যায়।

বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি ২০২৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষায় সরকারি ও বেসরকারি উভয় ধরণের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com