

মানুষের জীবনে সুখের অনুসন্ধান চিরন্তন। অর্থ, খ্যাতি, পদমর্যাদা কিংবা সামাজিক প্রতিষ্ঠা অর্জনের পরও অনেক মানুষ অন্তরে এক ধরনের শূন্যতা অনুভব করে। কারণ প্রকৃত প্রশান্তি আত্মার পরিতৃপ্তিতে নিহিত। ইসলাম মানুষের সেই আত্মিক চাহিদার পূর্ণাঙ্গ সমাধান দিয়েছে। আর মহানবী (সা.)-এর জীবন আমাদের দেখায় কীভাবে ইবাদতের মাধ্যমে অন্তরে প্রশান্তি অর্জন করা যায়।
আত্মিক প্রশান্তির প্রথম শর্ত হলো নিয়তের বিশুদ্ধতা। মানুষের প্রতিটি কাজ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সম্পন্ন হয়, তবে তা ইবাদতে পরিণত হয়। রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই প্রতিটি কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি)
অন্যদিকে অল্পে তুষ্ট থাকা, কৃতজ্ঞতার চর্চা করা এবং আল্লাহর দেওয়া নেয়ামতের মূল্য উপলব্ধি করার বিষয়টি মানুষের অন্তরকে শান্ত রাখে। রাসুল (সা.) শিক্ষা দিয়েছেন, প্রকৃত সম্পদ হলো অন্তরের প্রাচুর্য। (সহিহ বুখারি)
একজন মুমিনের চূড়ান্ত লক্ষ্য হলো আখেরাতের সফলতা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী। এই উপলব্ধি মানুষকে বিপদে ধৈর্যশীল ও সাফল্যে বিনয়ী করে তোলে। আর ইবাদত মানুষের হৃদয়ে প্রশান্তি আনে এবং পরকালে মুক্তির পথ উন্মুক্ত করে।
লেখক : ইসলামি গবেষক