সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ইবাদতে আত্মিক প্রশান্তি লাভের উপায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪ বার

মানুষের জীবনে সুখের অনুসন্ধান চিরন্তন। অর্থ, খ্যাতি, পদমর্যাদা কিংবা সামাজিক প্রতিষ্ঠা অর্জনের পরও অনেক মানুষ অন্তরে এক ধরনের শূন্যতা অনুভব করে। কারণ প্রকৃত প্রশান্তি আত্মার পরিতৃপ্তিতে নিহিত। ইসলাম মানুষের সেই আত্মিক চাহিদার পূর্ণাঙ্গ সমাধান দিয়েছে। আর মহানবী (সা.)-এর জীবন আমাদের দেখায় কীভাবে ইবাদতের মাধ্যমে অন্তরে প্রশান্তি অর্জন করা যায়।

আত্মিক প্রশান্তির প্রথম শর্ত হলো নিয়তের বিশুদ্ধতা। মানুষের প্রতিটি কাজ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সম্পন্ন হয়, তবে তা ইবাদতে পরিণত হয়। রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই প্রতিটি কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি)

আল্লাহর প্রতি গভীর সচেতনতা ও ভালোবাসা মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করে। যখন একজন বান্দা অনুভব করে যে, আল্লাহ সর্বদা তাকে দেখছেন, তখন তার কাজ ও আচরণে সততা ও নিষ্ঠা বৃদ্ধি পায়। ইসলামে এই অবস্থাকে ইহসান বলা হয়েছে। (সহিহ বুখারি)
নামাজ আত্মিক প্রশান্তির অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। ব্যস্ততা, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতার মাঝে নামাজ মানুষকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। মহানবী (সা.) নামাজকে নিজের চোখের শীতলতা ও হৃদয়ের প্রশান্তি বলে অভিহিত করেছেন। (সুনানে আবু দাউদ)

অন্যদিকে অল্পে তুষ্ট থাকা, কৃতজ্ঞতার চর্চা করা এবং আল্লাহর দেওয়া নেয়ামতের মূল্য উপলব্ধি করার বিষয়টি মানুষের অন্তরকে শান্ত রাখে। রাসুল (সা.) শিক্ষা দিয়েছেন, প্রকৃত সম্পদ হলো অন্তরের প্রাচুর্য। (সহিহ বুখারি)

মৃত্যুর স্মরণও আত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ উপায়। মানুষ যখন জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে, তখন অহংকার ও লোভ থেকে দূরে থাকতে পারে। পাশাপাশি অন্যের উপকার করা, মানুষের সেবা করা এবং ক্ষমাশীল হওয়ার অভ্যাস আত্মাকে পরিশুদ্ধ করে। রাসুল (সা.) মানুষের কল্যাণে নিয়োজিত ব্যক্তিকেই শ্রেষ্ঠ মানুষ বলে উল্লেখ করেছেন। (আল-মুজামুল আওসাত) তওবা ও ইস্তিগফার মানুষের হৃদয়কে পাপের কালিমা থেকে মুক্ত করে। নবীজি (সা.) নিজেও নিয়মিত তওবা করতেন এবং উম্মতকে তওবার প্রতি উৎসাহিত করেছেন। (সহিহ মুসলিম)

একজন মুমিনের চূড়ান্ত লক্ষ্য হলো আখেরাতের সফলতা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী। এই উপলব্ধি মানুষকে বিপদে ধৈর্যশীল ও সাফল্যে বিনয়ী করে তোলে। আর ইবাদত মানুষের হৃদয়ে প্রশান্তি আনে এবং পরকালে মুক্তির পথ উন্মুক্ত করে।

লেখক : ইসলামি গবেষক

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com