

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এ নিয়ে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটে ২৫০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা ভরি নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
গত ১৫ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। ১৩ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।
সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৪০ বারই দাম বাড়ানো হয়েছে। বাকি ৩৬ বার দাম কমেছে। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমেছিল স্বর্ণের দাম।