

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির কেরমান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-সংশ্লিষ্ট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজনকে ‘মূল সহযোগী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ২০ জনকে প্রদেশের বিভিন্ন শহর থেকে আটক করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রধান সন্দেহভাজন ব্যক্তি সামরিক ও বিমান প্রতিরক্ষা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনার গোপন তথ্য সংগ্রহ করে তা মোসাদের কাছে পাঠাতেন।
এছাড়া বাকি ২০ জনকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরান আরও দাবি করেছে, সাম্প্রতিক যুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনী পৃথক অভিযানে আরও কয়েকজন মোসাদ এজেন্টকে আটক করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, রিমোট কন্ট্রোল ডিভাইস এবং গুপ্তচরবৃত্তির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া কয়েকজন যুদ্ধ চলাকালে কেরমান প্রদেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনার অবস্থান শনাক্ত করে সেগুলোর স্থানাঙ্ক ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
এদিকে মোসাদের এজেন্টদের শনাক্ত করতে ইরান একটি বিশেষ সদর দপ্তর গঠন করেছে। সম্প্রতি দেশটি গুপ্তচরবৃত্তিবিষয়ক আইন আরও কঠোর করেছে। নতুন আইনে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে।
তবে ইরানের এই দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।