বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানের কিনজা হাশমী!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার

দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে শাকিব খানের নায়িকা হয়েছেন দেশ-বিদেশের ৭০ জনের বেশি অভিনয়শিল্পী। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীর নাম।

শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তার নায়িকা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে পরিচালক কিংবা তাদের টিম এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে ঘোষণার আগেই নতুন নায়িকাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এরপর থেকেই সবচেয়ে বেশি আলোচনা চলছে শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে। শুরুতে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম সামনে এসেছিল। তাদের মধ্যে ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম।

তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের কেউ নন, শাকিবের নতুন নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমী।

এরই মধ্যে তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।

নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হলেও এখনই তার পরিচয় প্রকাশ করতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জানা গেছে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ কারণেই ‘মহব্বত’-এর প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। সেখানে শাকিবের সঙ্গে দেখা গেছে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত।

তবে আড়ালেই রাখা হয়েছে তার মুখ।

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। শুরু থেকেই টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিতি পান। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করেছেন কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পরিচিতি রয়েছে তার। পাকিস্তানের বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা এই অভিনেত্রী এবার বাংলাদেশের সিনেমায় যুক্ত হলে তা হবে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।

শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনয়শিল্পীর অভিনয় অবশ্য নতুন নয়। এর আগে তার নায়িকা হয়েছেন কলকাতার শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, দর্শনা বণিক ও মিমি চক্রবর্তী। এ ছাড়া বলিউডের সৌনাল চৌহানসহ বিভিন্ন দেশের অভিনয়শিল্পীর সঙ্গেও পর্দা ভাগ করেছেন তিনি।

শাকিব খান ও হিমেল আশরাফ জুটির আগের দুই সিনেমাতেও ছিলেন বিদেশি নায়িকা। ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। ছবিটি মুক্তির পর বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। অন্যদিকে এই জুটির দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনয়শিল্পী কোর্টনি কফি। এবার ‘মহব্বত’-এ পাকিস্তানের কিনজা হাশমীকে নেওয়ার মধ্য দিয়ে সেই ধারাবাহিকতাই বজায় রাখতে যাচ্ছেন নির্মাতারা।

জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ‘মহব্বত’-এর শুটিং। পরিকল্পনা অনুযায়ী, শুটিং শেষ করে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com