রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব বিরোধী নেতা গাদি আইজেনকোটের হাতে তুলে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর ক্ষমতা হারানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

প্রেসিডেন্টের মুখপাত্র জানান, শনিবার সন্ধ্যায় আইজেনকোটকে তার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রোববার আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়া হবে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ পরিস্থিতিতে নতুন সরকার গঠনের জন্য কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নির্ধারণে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট হারজগ।

আলোচনায় বিরোধী জোটের নেতা ও ইয়াশার পার্টির প্রধান আইজেনকোটের পক্ষে সমর্থন জানান ৬৭ জন আইনপ্রণেতা। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন দেন ৪৬ জন। এর মধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর আইনপ্রণেতারাও আইজেনকোটকে সমর্থন দিয়েছেন।

সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১টির সমর্থন নিয়ে জোট গঠন করতে হবে তাকে।

নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

তবে আইজেনকোট আরব নেতৃত্বাধীন দলগুলোকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এ অবস্থায় অতি-রক্ষণশীল ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা ৬১-তে পৌঁছাবে। এ ছাড়া পার্লামেন্টে আস্থা ভোটে সমর্থন পেলেও ৬১ আসনের আনুষ্ঠানিক সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সংখ্যালঘু সরকার গঠন সম্ভব।

আল-জাজিরার রামাল্লা প্রতিনিধি নুর ওদেহ বলেন, সবচেয়ে বেশি আইনপ্রণেতার সমর্থন পাওয়ায় আইজেনকোটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটি ছিল প্রত্যাশিত। তবে এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রেখে এমন একটি সরকার গঠন করা, যা নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী বিরোধী জোটের চাপ মোকাবিলা করতে পারবে।

আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট জোটের জ্যেষ্ঠ নেতা আহমাদ তিবি বলেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। তাদের আশঙ্কা ছিল, হারজগ হয়তো নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠনের উদ্যোগ নিতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত আরব দলগুলো আইজেনকোটকে সমর্থন দেওয়ায় তার জন্য সরকার গঠনের পথ কিছুটা সহজ হয়েছে।

তিবির ধারণা, আরব দলগুলোর বাইরের সমর্থন নিয়ে আইজেনকোট একটি সংখ্যালঘু সরকার গঠন করতে পারেন। যদিও এমন সরকার আরব দলগুলোর কাঙ্ক্ষিত সরকার হবে না, তবে নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে সরানোই এখন তাদের প্রধান লক্ষ্য।

এদিকে সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু সতর্ক করে বলেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে বিরোধী জোট সরকার গঠন করলে ইসরায়েল রাষ্ট্র ভেতর থেকে ভেঙে পড়বে। তার দাবি, ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল এমন সরকার ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

নেতানিয়াহুর এ বক্তব্যের জবাবে আহমাদ তিবি তাকে সন্ত্রাসবাদে সবচেয়ে বড় সমর্থক হিসেবে আখ্যা দেন। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতায় নেতানিয়াহু সরকারের সমর্থনের অভিযোগ তোলেন তিনি।

উল্লেখ্য, আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

আইজেনকোট নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য একজন প্রার্থীকে দায়িত্ব দিতে পারবেন। দ্বিতীয় প্রার্থীও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতারা তৃতীয় কাউকে মনোনীত করতে পারবেন। তাকে সরকার গঠনের জন্য শেষবারের মতো ১৪ দিন সময় দেওয়া হবে। এরপরও সরকার গঠন সম্ভব না হলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com