

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
তিনি বলেন, কপ-৩১-এ যোগ দিতে ১০-১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী। ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র সচিব।
কথা বলছেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সংগৃহীত ছবি
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্তিম পাটজাত পণ্য নিয়ে কথা বলবেন। বৈশ্বিক গ্রিন হাউজ নিঃসরণে বাংলাদেশের অবদান কম, কিন্তু এর ঝুঁকির শিকার হচ্ছে। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর জলবায়ু পরিবর্তন অর্থায়নে বাংলাদেশের অধিকার নিশ্চিতে কথা হবে।
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ তার অবস্থান জানান দেবে উল্লেখ করে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, উন্নত দেশগুলো বাংলাদেশকে এর আগেও প্রতিশ্রুতি দিয়েছে অর্থায়ন ও টেকনোলজিতে সহায়তা করবে। এই অর্থায়নে নিজেদের অধিকারের বিষয়টি তুলে ধরা হবে। কারণ সর্বোচ্চ ঝুঁকিতে পড়লেও এই সহায়তা সবসময় বাংলাদেশ পায় না।
বেশ কয়েকটি দেশের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি দেশের প্রধানের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।