

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি। এর মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন নিয়ে বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমকে সদর হাসপাতালে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর দিকে যাচ্ছিলেন। চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করা শর্তেও তিনি গতি থামাননি। এতে ঘটনাস্থলে বাস উল্টে পড়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে যায়। এতে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। বাসটি বেপরোয়া গতি ছিল।
সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।