

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি। তাকে ফেরাতে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে।’
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি দণ্ডপ্রাপ্ত। সে কারণে অনেক মৌলিক মানবাধিকার এখানে কার্যকর হবে না। কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী।’
তিনি বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়াতে দেশে আনা হবে তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।’
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার আগেই বিষয়টি স্পষ্ট করেছেন। একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হলেও শেখ হাসিনা নিজে আবেদন করেননি।
তিনি বলেন, একটা চিঠি পেয়েছেন ফ্রম এ ল ফার্ম, যারা বলছেন তাকে এটা দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি। অ্যাপ্লিকেশন করার ব্যাপারে অবস্থান সরকার থেকে অলরেডি জানানো হয়েছে, কিন্তু তিনি এখনো অ্যাপ্লিকেশনই করেননি। সুতরাং এই আলোচনাটা আসলে এখানে আর প্রয়োজন নেই।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়েছে। বিস্তারিত রায়ও প্রকাশ করা যেতে পারে। তবে ওই সময় পর্যন্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করেননি।
কূটনৈতিক পাড়ায় বিভিন্ন বৈঠক ও তৎপরতা নিয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার কোনো তথ্য জানে না। তাই প্রতিক্রিয়া জানানোরও কিছু নেই।
শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা হতে পারে কি না?-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা চেষ্টা করতে পারেন। তবে বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে না।
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করাই সরকারের মূল লক্ষ্য কি না? এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের উদ্দেশ্য। তবে কীভাবে তাকে ফিরিয়ে আনা হবে, সেটিও সরকারের কাছে গুরুত্বপূর্ণ।