বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয় : হাইকোর্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৯ বার

দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর আগেই সংবাদ সম্মেলনে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এ ধরনের বক্তব্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি রুল জারি করেছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে দুদককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

রুল জারির পর আইনজীবী ব্যারিস্টার মো. ইউসুফ আলী বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুটি সংবাদ সম্মেলন করে দুদক। সেখানে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলা হয়। অথচ অনুসন্ধান শেষ হওয়ার আগেই এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো আইনগত এখতিয়ার দুদকের নেই।

আইনজীবী বলেন, ২ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের মাধ্যমে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়। কিন্তু সংশ্লিষ্ট ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতি কার্যকর হয় ২০২৬ সালের ১১ মে। অথচ আসিফ মাহমুদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন ২০২৫ সালের ১১ ডিসেম্বর। ফলে ওই পদোন্নতির সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই।

তিনি আরও বলেন, প্রথম সংবাদ সম্মেলনের অভিযোগের প্রতিবাদ জানানোর পর ১৩ সেপ্টেম্বর দুদক আবার সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তোলে। অথচ এ অর্থ কোন দেশে পাচার হয়েছে, সে বিষয়ে তথ্য জানতে দুদক ১৭ সেপ্টেম্বর বিএফআইইউর কাছে চিঠি পাঠায়। তথ্য জানতে চাওয়ার চার দিন আগেই সংবাদ সম্মেলনে অর্থপাচারের পরিমাণ উল্লেখ করে অভিযোগ তোলার বিষয়টি প্রশ্নবিদ্ধ।

আইনজীবীদের দাবি, অনুসন্ধান শেষ হওয়ার আগেই কাউকে দুর্নীতির সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপন করা হলে তার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হয়। এটি সংবিধানের ৩১ অনুচ্ছেদে নাগরিকের আইনগত সুরক্ষার যে অধিকার নিশ্চিত করা হয়েছে, তার পরিপন্থি। এ কারণেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রিটকারী।

আইনজীবীরা বলেন, অভিযোগ অনুসন্ধান শেষে তথ্য-প্রমাণের ভিত্তিতে দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া গেলে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। মামলা দায়েরের পরও অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করার সুযোগ রয়েছে। কিন্তু অনুসন্ধান শুরুর পর্যায়েই কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রচার করা সমীচীন নয়।

এর আগে গত ৪ নভেম্বর রিটের শুনানি শেষ হয়। গত সেপ্টেম্বরে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে রিটটি করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এতে অনুসন্ধান বা তদন্তাধীন বিষয়ে মানহানিকর বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়।

রিট আবেদনে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের দেওয়া দুটি প্রেস ব্রিফিংকে বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার পাশাপাশি প্রচারিত বক্তব্য সমগুরুত্ব দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান, কমিশনের উপপরিচালক (জনসংযোগ) ও সহকারী পরিচালককে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, ২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে উপপরিচালক জানান, আসিফ মাহমুদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়ায়’ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অথচ অনুসন্ধানের শুরুতেই এ ধরনের বক্তব্য দেওয়ার আইনগত ভিত্তি নেই।

রিটে আরও বলা হয়, ৯ সেপ্টেম্বর দুদকের সচিব গণমাধ্যমের প্রশ্নের জবাবে ওই বক্তব্যকে ‘স্লিপ অব দ্য টাং’ বা মুখ ফসকে বলা মন্তব্য হিসেবে উল্লেখ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাও সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

এরপর ১০ সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠানো হলেও তা আমলে না নিয়ে ১৩ সেপ্টেম্বর দুদক আরেকটি সংবাদ ব্রিফিং করে। সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, জেলা প্রশাসক পদায়ন, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র এবং বিদেশে অর্থপাচারসহ একাধিক অভিযোগ তোলা হয়।

এসব অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য দাবি করে রিটে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত দায়িত্ব বাতিলের বিষয়টি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের আদেশে হয়েছে। অন্যদিকে, ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতি হয়েছে আসিফ মাহমুদের পদত্যাগের পাঁচ মাস পর।

রিটে আরও অভিযোগ করা হয়, আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং ‘মিডিয়া ট্রায়াল’ পরিচালনার উদ্দেশ্যে এসব সংবাদ ব্রিফিং করা হয়েছে। এর মাধ্যমে সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত মৌলিক অধিকার এবং ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১’ লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেন রিটকারী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com