শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

নব্বইয়ের স্বৈরাচাররাই ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল: রিজভী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার

দেশে গণতন্ত্রের ধারাবাহিক সংকটের জন্য অতীতের স্বৈরশাসকদের দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বারবার আন্দোলন হলেও স্থায়ী সমাধান না হওয়ায় দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটেছে। নব্বইয়ের স্বৈরাচাররাই ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, ৭ নভেম্বর বাদ দিয়ে যেমন বাংলাদেশের ইতিহাস রচনা সম্ভব নয়, তেমনি ১৯৯০ সালে এরশাদের মতো ভয়ংকর একনায়কের পতন ঘটাতে ডা. শামসুল আলম খান মিলনের শহীদি আত্মদান ও সংগ্রামও বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ইতিহাসের এ অধ্যায় কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়।

রিজভী বলেছেন, বিভিন্ন সময়ে এক ইতিহাসের সঙ্গে আরেক ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এসব ঘটনা আমাদের ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, যেমন ১৯৭১, যেমন ৭ নভেম্বর, তেমনি ১৯৯০ এবং জুলাই- প্রতিটি ঘটনাই বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। কারণ, একটি আন্দোলনের চেতনা আরেকটি আন্দোলনকে প্রভাবিত করেছে।

বিএনপির এই নেতা বলেন, ১৯৯০ সালের গণতান্ত্রিক চেতনা ছিল একনায়কতন্ত্রের পতন ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। সেই চেতনাই পরবর্তী সময়ে জুলাই আন্দোলনকে প্রভাবিত করেছে।

রিজভী বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং এরশাদের পতনের মধ্য দিয়ে অর্জিত গৌরব আজও ভুলে যাওয়ার নয়। সেই অর্জন এখনো আমাদের লড়াইয়ে অনুপ্রেরণা জোগায়। পরবর্তী ৩৬ বছর ধরে চলা সংগ্রামেও সেই চেতনা কাজ করেছে। শেষ পর্যন্ত হাসিনার মতো একজন রক্তচোষা একনায়ক ও ফ্যাসিস্টের পতন ঘটানো সম্ভব হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, ডা. মিলন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিলেন। তার অবদান ছাত্রসমাজের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com