

ছুটির দিন শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বড় বড় বাজারগুলোতে আবারও সবজি দাম বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারগুলো। বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি ৫০টাকাও বেশি দরে। কিছু সবজির দাম ১০০ টাকাও ছাড়িয়েছে গেছে। তবে শীতকালীন নতুন সবজি বাজারে আসতে শুরু করলে দাম কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা এবং গোল বেগুন ১২০ টাকায়। এ ছাড়া হাইব্রিড শসা ১০০ টাকা ও দেশি শসা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি মূলা ৬০, পেঁপে ৪০, কচু ১০০, ধুন্দুল ও চিচিঙ্গা ১০০ ও শালগম ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৬০ টাকা, মাঝারি ফুলকপি ৫০ ও বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাড্ডারে পেঁপে ছাড়া অধিকাংশ সবজির দাম ৮০ টাকার ওপরে। অনেক সবজির কেজি ১০০ টাকার বেশি।
রামপুরা বাজারে বেশির ভাগ সবজি ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এতে সাধারণ ক্রেতাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে।
মালিবাগ বাজারের বিক্রেতারা জানান, কিছুদিন আগেও সবজির দাম তুলনামূলক কম ছিল। তবে কয়েক দিনের আকস্মিক বৃষ্টিতে ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
একইভাবে মাছের বাজারেও ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, ছোট পাঙাশ ২০০ ও বড় পাঙাশ ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা মাছের দাম ৩০০ টাকা থেকে শুরু করে আকারভেদে ৫০০ টাকা পর্যন্ত। ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ ও মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি ও সামুদ্রিক মাছের দামও ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে আইড় মাছ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার টাকা কেজি দরে।
তবে মুরগির বাজার অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা দরে। অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে ডিমের বাজারে প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং লাল ডিম ১৫০ টাকা দরে।