

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে যাচ্ছে সরকার। আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) এ-সংক্রান্ত কনসেশন চুক্তি স্বাক্ষরিত হবে।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ চুক্তি হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুক্তিটি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও জানান চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালটি অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি চালু হলে বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে।