শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৮১ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগের দিন এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গিয়েছিলেন ১৪ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা যাওয়া ১৭ জনের মধ্যে পজিটিভ ছিলেন ছয়জন। আর আটজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভর্তির পর করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্ট নিয়ে তিনজন রোগীর মৃত্যু হয়েছে।

করোনা ইউনিটে মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের চারজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন ছিলেন এবং পাবনার তিনজন রোগী ছিলেন। আর মৃত ১৭ জনের মধ্যে নয়জন পুরুষ ও আটজন নারী ছিলেন।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজনের এবং ৬০ বছরের ঊর্ধ্বে নয়জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি আগস্ট মাসে (১ আগস্ট থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) এই নিয়ে মোট ৮৩ জনের মৃত্যু হলো। এই হাসপাতালের করোনা ইউনিটে জুলাই মাসে মোট ৫৩১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত জুনে মারা গেছেন ৩৬৯ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২০ জন।

রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৫১৩টি। বর্তমানে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার আরও কমে ২৩ দশমিক ৭১ শতাংশে নেমেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com