

আজ রবিবার থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজও বিক্রি হবে। প্রতিকেজি ৩০ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। পাশাপাশি চিনিসহ অন্যান্য পণ্য বিক্রি আগের মতো চলবে। গতকাল এক বার্তায় ট্রেড করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
হুমায়ুন কবির আমাদের সময়কে জানান, ডিলার ট্রাকপ্রতি ৩০০ থেকে ৬০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ থাকবে সারাদেশে। গত দুই বছরের অভিজ্ঞতার আলোকে চলতি বছর সেপ্টেম্বর মাসে আমদানীকৃত পেঁয়াজ বিক্রি করার পূর্বপরিকল্পনা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর থেকে খোলাবাজারে পণ্য বিক্রি করছে টিসিবি। কিন্তু এ দফায় কমানো হয়েছে ট্রাকপ্রতি পণ্যের বরাদ্দ। এতে চাহিদা মেটানো যাচ্ছে না ভোক্তাদের। অনেকেই ফিরছেন খালি হাতে। এ জন্য জনপ্রতি পণ্য ক্রয়ের পরিমাণও কমিয়েছে সংস্থাটি। সংস্থাটি বলছে, এর ফলে আরও বেশি মানুষ পণ্য কিনতে পারবেন।
ডিলাররা জানিয়েছেন, আগে ট্রাকপ্রতি এক হাজার লিটার থেকে ১২০০ লিটার তেল বরাদ্দ দেওয়া হলেও এখন দেওয়া হচ্ছে মাত্র ৭০০ লিটার। একইভাবে চিনি ও ডালের বরাদ্দ ২০০ কেজি করে কমিয়ে করা হয়েছে যথাক্রমে ৫০০ ও ৪০০ কেজি।
এদিকে দেশজুড়ে টিসিবির ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এ ছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির এ কার্যক্রম চলবে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত।