সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

১২ কোটি টাকা ঘুষ নিয়ে পদ ছাড়েন মোয়াজ্জেম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৯৪ বার

বিদেশে পলাতক রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) কাছ থেকে ১২ কোটি টাকা ঘুষ নিয়ে পিপলস লিজিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের চেয়ারম্যান পদ ছাড়েন ক্যাপ্টেন (অব) মোয়াজ্জেম হোসেন। পরে তিনি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালক হন। ক্যাপ্টেন মোয়াজ্জেম পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাংকটির চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা জালিয়াতি করে শতকোটি টাকা লোপাট করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে।

দুদকের কর্মকর্তারা বলেন, জালিয়াতির মাধ্যমে এসবিএসি ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের একটি অভিযোগ পায় দুদক। কমিশন অভিযোগ অনুসন্ধান করতে দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানকে নিয়োগ দেয়। অনুসন্ধানী কর্মকর্তা অনুসন্ধানকালে এসবিএসি ব্যাংক থেকে শতকোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য-উপাত্ত পান। এসব ঋণ জালিয়াতির সঙ্গে ব্যাংকটির সদ্য বিদায়ী চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, পরিচালক ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন ব্যাংক কর্মকর্তার সম্পৃক্ততা পান। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা আমজাদ হোসেন ও ক্যাপ্টেন মোয়াজ্জেমসহ আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রায় শতকোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের দায়ে একাধিক মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবেন। এর পর কমিশনের অনুমোদন পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

দুদকের এক প্রতিবেদনে বলা হয়, ক্যাপ্টেন মোয়াজ্জেম রহস্যজনক চরিত্রের নাম। পিকে হালদার সিন্ডিকেটের অন্যতম সদস্য ক্যাপ্টেন মোয়াজ্জেম পিপলস লিজিং ধ্বংসের

জন্য অনেকটা দায়ী। অর্থ আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদকের মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি বলেছেন, পিপলস লিজিং ধ্বংসের জন্য ক্যাপ্টেন মোয়াজ্জেম দায়ী। তিনি পিপলস লিজিংয়ের চেয়ারম্যান ছিলেন। ক্যাপ্টেন মোয়াজ্জেম পিপলস লিজিংয়ের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে পিকে হালদারের কাছ থেকে ১২ কোটি টাকা ঘুষ নেন বলে আদালতে জবানবন্দিতে বলেন।

দুদকের তথ্যমতে, পিপলস লিজিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে ১ হাজার ১৩১ কোটি টাকা ঋণ দেওয়া হয়। এর মধ্যে ৭৪৮ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। এ টাকা মূলত ঋণের নামে আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে ৫৭০ কোটি টাকা সরাসরি পরিচালকরা নামে-বেনামে নিয়েছেন।

দুদকের প্রতিবেদনে বলা হয়, পিপলস লিজিং ছাড়ার পর ক্যাপ্টেন মোয়াজ্জেম এসবিএসি ব্যাংকের পরিচালক হন। তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাংকের (সদ্যবিদায়ী চেয়ারম্যান) আমজাদ হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা যোগসাজশ করে জালিয়াতির মাধ্যমে তাদের কর্মচারীদের নামে আল আমিন এন্টারপ্রাইজ ও রাফি-মাহি এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠান খুলে প্রায় ১৫ কোটি টাকা ঋণ অনুমোদন করান। পরে শাখার কর্মকর্তাদের সহায়তায় এসব অর্থ আমজাদ হোসেন ও ক্যাপ্টেন মোয়াজ্জেমের ব্যক্তিগত হিসাব ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করে উত্তোলনপূর্বক আত্মসাৎ করা হয় বলে তথ্য-প্রমাণ পায় দুদক। বিষয়টি ধরা পড়ার পর আমজাদ হোসেন ও ক্যাপ্টেন মোয়াজ্জেম ব্যাংকের পর্ষদসভায় এটি মানিলন্ডারিং অপরাধ বলে স্বীকার করেন এবং ছয় মাসের মধ্যে এসব অপরাধ লব্ধ অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করেন, যা ব্যাংকের বোর্ড রেজুলেশনে উল্লেখ আছে। ব্যাংকের অডিট প্রতিবেদনেও বিষয়টি উল্লেখ রয়েছে। যা দুদকের হাতে এসেছে। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ইতোমধ্যে ব্যাংক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন। এ ছাড়া বিএফআইইউর গোয়েন্দা প্রতিবেদন এবং এসবিএসি ব্যাংকের অডিট প্রতিবেদন সংগ্রহ করেন।

দুদকের প্রতিবেদনে বলা হয়, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান আমজাদ হোসেন খুলনা বিল্ডার্স লিমিটেড নামের অস্তিত্বহীন কোম্পানি খুলে ওই প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে দুই দফায় ২২ কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেন। বিএফআইইউ তদন্ত দল সরেজমিনে গিয়ে এই নামে কোনো প্রতিষ্ঠান খুঁজে পায়নি। দুদকের অনুসন্ধানেও এই নামে কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি এবং বাংলামোটরে যে গোডাউন দেখানো হয় সেখানেও কোনো গোডাউন নেই। এ ছাড়া এসবিএসি ব্যাংকের নিজস্ব অডিট কমিটি এ ধরনের কোনো প্রতিষ্ঠান পায়নি এবং ভিজিট রিপোর্টগুলো ভুয়া পান, যা দুদকের হাতে এসেছে।

দুদকের কর্মকর্তারা বলেন, আমজাদ হোসেন ও ক্যাপ্টেন মোয়াজ্জেমসহ আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রায় শতকোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিং অপরাধের তথ্য-প্রমাণসহ একাধিক মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবেন অনুসন্ধানকারী কর্মকর্তা। কমিশনের অনুমোদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুদকের তথ্যমতে, ব্যাংকের চেয়ারম্যান পদে থেকে এস আমজাদ হোসেন তার মালিকানাধীন রূপসা ফিসের নামে ৩৭৪ কোটি টাকার একটি ঋণপত্র খোলেন। পরিচালনা পর্যদের সিদ্ধান্ত অনুযায়ী শতভাগ মার্জিনে কোম্পানির ঋণপত্র খুলতে হবে। কিন্তু তিনি ওই সিদ্ধান্ত উপেক্ষা করে ৫ পার্সেন্ট মার্জিনে ঋণপত্র খোলেন। তার পর সেই মার্জিনের টাকা তিনি ফেরত নেন। আইন অনুযায়ী ব্যাংকের চেয়ারম্যান ঋণপত্র খুলতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার কথা থাকলেও সেটিও নেননি। তিনি শুধু ঋণ জালিয়াতি করেই ক্ষান্ত ছিলেন না। চেয়ারম্যান থাকাকালে বিভিন্ন গ্রাহকের ব্যাংক হিসাব থেকে সাড়ে ৭ কোটি টাকা আত্মসাৎ করেন।

এদিকে, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান আমজাদ হোসেনের ঋণ জালিয়াতি ও গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকটির সাবেক এমডিসহ ৯ জনকে গত ২৬ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করে দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন একটি টিম। জিজ্ঞাসাবাদের তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেন।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদে দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার বলেন, খুলনা বিল্ডার্স লিমিটেডের নামে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে বিএফআইইউ। অথচ এ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। বিএফআইইউয়ের তদন্ত টিম সরেজমিনে গিয়ে ওই ঠিকানায় কোনো প্রতিষ্ঠান খুঁজে পায়নি। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে চেয়ারম্যান থাকা অবস্থায় এসএম আমজাদ হোসেন নিজ ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ঋণ অনুমোদন করান এবং সেসব অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে কর্মচারীদের নামে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়েছে বিএফআইইউয়ের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ রয়েছে। দুদক ইতোমধ্যে ব্যাংক থেকে রেকর্ডপত্র ও বিএফআইইউয়ের প্রতিবেদন সংগ্রহ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com