

বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং এমন কোনো ইচ্ছা বা কারণও দেখেন না বলে স্পষ্ট জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’
ওই ফেসবুক পোস্টে রুমিন ফারহানা উল্লেখ করেন, অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন তিনি দলে ফিরবেন কি-না। তাদের উদ্দেশে বিনীতভাবে তিনি জানান যে, বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করেননি। পাশাপাশি তার কোনো কথা বা আচরণে তিনি আবার বিএনপিতে ফিরবেন- এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করেন না।