সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান শেয়ার, পদ হারালেন বিএনপি নেতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৫৮ বার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গান শেয়ার করায় পদ হারিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম ওরফে জহুর। তিনি উত্তর জেলা বিএনপির সদস্যও।

গতকাল সোমবার দলের কেন্দ্রীয় কমিটি পদ স্থগিত করে তার কাছে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে সই করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই চিঠির একটি অনুলিপি দেওয়া হয় বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে। উপজেলা বিএনপি আহ্বায়ক কমল কদর বিষয়টি নিশ্চিত করেছেন। রুহুল কবির স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, কারণ দর্শানোর চিঠির জবাব সন্তোষজনক না হওয়ায় জহুরুল আলমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার উত্তর জেলা বিএনপির সদস্যপদ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ স্থগিত থাকবে।

জানা গেছে, গত ১৫ আগস্ট জহুরুল আলমের ফেসবুক আইডি থেকে এস এম নুর উদ্দীন নামে এক ব্যক্তির বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করা গান ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ শেয়ার করা হয়। পাশাপাশি স্থানীয় সাংসদ দিদারুল আলমের বক্তব্য দেওয়া একটি ছবির সঙ্গে ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত’ এমন ক্যাপশন বিশিষ্ট আরও একটি পোস্ট শেয়ার করা হয়। এ দুটি পোস্ট শেয়ার করার পর দলের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়।

সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সভাপতি ইউছুপ নিজামী বলেন, তিনি একটি পোস্টের বিষয়ে জানেন। ওই পোস্টটি দেওয়ার পর ১০ দিন আগে কেন্দ্রীয় নেতৃত্ব তার (জহুরুল) কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের জবাবও দেন জহুরুল আলম। কিন্তু নোটিশের জবাব দলের কেন্দ্রীয় নেতাদের কাছে যথাযথ মনে হয়নি। ফলে তার পদ স্থগিত করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর বলেন, ২০১৪ সাল থেকে তিনি (জহুরুল) দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ফেসবুকে পোস্টের কারণে তার যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জহুরুল আলম বলেন, এস এম নুর উদ্দীন নামে একটি ফেসবুক আইডি থেকে দুটি পোস্টে তাকে (জহুরুল) ট্যাগ করা হয়। বিষয়টি তিনি জানতেন না। এ বিষয়ে দেওয়া নোটিশের জবাবও দিয়েছেন। তবু পদ স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে দলের সঙ্গে তিনি ছিলেন। দল সেসব বিষয় বিবেচনায় নেবে বলে আশা প্রকাশ করছেন। তাই এ বিষয়ে আপিল করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com