মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

রাষ্ট্রযন্ত্রের সকল অস্ত্র বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার হচ্ছে : মির্জা ফখরুল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৫০ বার

রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সকল অস্ত্র এখন বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গত ২২ জুলাই একটি বক্তব্যকে বিকৃত করে রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি নেতা বাবুল হোসেন, মো: শিমুল সরকার, শামীম সরকার, মো: মুকুল হোসেন, হেলাল উদ্দিন রিয়াল ও জাহাঙ্গীর আলমের নামে রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতার দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সকল অস্ত্র এখন বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হত্যা, গুম থেকে শুরু করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মতো কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করছে আওয়ামী সরকার।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচল করার অধিকারও তারা কেড়ে নিয়েছে। রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদসহ ওই সব বিএনপি নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা সরকারের ধারাবাহিক অমানবিক নিপীড়ন-নির্যাতনেরই বর্ধিত প্রকাশ।

বিএনপি মহাসচিব বলেন, সরকার ব্যর্থতার এক বিশাল স্তুপের ওপর বসে আছে। রাষ্ট্রীয় অর্থনীতি লোপাটে দেশে এখন চলছে ভয়ঙ্কর এক নৈরাজ্যকর পরিস্থিতি। দেশে জ্বালানি এখন চরম সঙ্কটাপন্ন। ডলারের নজীরবিহীন দাম বৃদ্ধিতে দেশের ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়েছে। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। অসহনীয় লোডশেডিংয়ের কারণে শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষ সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই বিএনপি নেতাকর্মীদেরকে সরকার অসত্য ও বানোয়াট মামলা দিয়ে কারাগরে দিচ্ছে।

এ সময় বিএনপি মহাসচিব রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপি নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com