

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপকালে নির্বাচন নিয়ে কথা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
নয়াদিল্লিতে হাসিনা-বাইডেনের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খুব ভালো, ভালো কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আমি বাবা-মা, ভাইদের হারিয়েছি, পরিবারের লোকদের হারিয়েছি। বাংলাদেশের জনগণই আমার পরিবার। তাদের মুখে দুই বেলা ভাত, জীবনমানের উন্নয়নের জন্য আমি কাজ করছি’’।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘‘আমার বিরাট পরিবার, ১৭০ মিলিয়নের পরিবার। এদের আমি সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিতে চাই। আমাদের স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশ। আমার একটাই জীবনের কাম্য, আমার দেশবাসীর মঙ্গল করা’’।’
শেখ হাসিনার কথার পরিপ্রেক্ষিতে জো বাইডেন কী বলেছেন, জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘তিনি বলেছেন, ‘‘আমি জানি’’।’
তাদের আলাপকালে নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওগুলো নিয়ে আলাপ হয়নি।’
সরকার কোনো চাপের মধ্যে নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কখনও চাপের মুখে ছিলাম না। আমরা চাপের মধ্যে নাই। আমরা আগামী অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপের মধ্যে নেই। আপনারা (সাংবাদিকরা) বরং চাপের মধ্যে আছেন। আপনারা আমাদের চাপের মধ্যে ফেলতে চান।’