সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

‘তিন দিন ধরে বাবাকে ফোনে পাচ্ছি না’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১০৭ বার

চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার। তার খোঁজ পেতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে গেছেন এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আজ রবিবার বিকেলের দিকে তিনি মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে যান তিনি।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘তিন দিন ধরে বাবাকে ফোনে পাচ্ছি না। তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই, আবার মাঝে মাঝে বন্ধ পাই। পরে আমি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সঙ্গে যোগাযোগ করি। তিনি বলেছেন, বিষয়টি তিনি দেখছেন। পরে আজ আমি ওনার কার্যালয়ে আসি। তিনি আমাদের সহযোগিতা করছেন। বাবাকে ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি ডিবি কার্যালয়ে এসেছি।’

আনোয়ারুল আজিম আনারের মেয়ে আরও বলেন, ‘আমি নিজেও দ্রুত ভারতে যাব। মোহাম্মদ হারুন অর রশীদ এ বিষয়ে কাজ করছেন, তাই ওনার কাছে এসেছি জানতে, কেন বাবার মোবাইলটি বারবার বন্ধ পাওয়া যাচ্ছে।’

আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান কি না—এমন এক প্রশ্নের জবাবে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘বাবার কানে মেজর সমস্যা আছে। তার একটি কান বন্ধ থাকে। এ জন্য তিনি চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যাওয়া-আসা করেন।’

চিকিৎসার জন্য তিনি ভারতের কোন জায়গায় গেছেন, জানতে চাইলে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘বাবা যাওয়ার আগে আমাদের বলেছেন, যেহেতু সংসদ বন্ধ, সে কারণে তিনি দুই থেকে তিন দিনের জন্য ভারতে যাবেন চিকিৎসার জন্য। তিনি প্রথমে ভারতের কলকাতায় যান। সেখানে পরিচিত একজনের বাসায় ওঠেন। ওনার বাসায় রাতে থাকেন।’

ভারতে গিয়ে আনোয়ারুল আজিম আনার অপহরণের শিকার হয়েছেন—এমন সন্দেহের বিষয়ে তার মেয়ে বলেন, ‘না, আমরা আপাতত এরকম কোনো সন্দেহ করছি না।’

ভারতে কোনো ব্যবসায়িক লেনদেন ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না এরকম কিছু নেই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com