সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, কোনো দলের সঙ্গে নয়: সেতুমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮২ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয়।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন সংঘাতপূর্ণ হবে—এমন আশঙ্কা করলেও বাস্তবে তেমনটা হয়নি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কোনো হতাহতের খবর পাইনি। নির্বাচন মোটামুটি স্বাভাবিক প্রক্রিয়ায় শেষ। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে স্থগিত হওয়া উপজেলাগুলোর নির্বাচনের তারিখ ৯ তারিখে শিফট করা হয়েছে। চতুর্থ ধাপে ভোটার উপস্থিতি ৩৪ শতাংশের বেশি। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

আজিজ আহমেদ ও বেনজির আহমেদের মতো অনেকে আওয়ামী লীগে আছে, বিএনপির এমন দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শামসুল হুদা, রকিবুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি? মঈন ইউ আহমেদকে আটজন ডিঙিয়ে সেনাপ্রধান কে করেছে? মির্জা ফখরুল সাহেবের এতটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছে তা এখন আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে।

সেতুমন্ত্রী আরও বলেন, দুদক স্বাধীন। মন্ত্রীরাও কোনো দুর্নীতি করলে দুদক তদন্ত ও মামলা করতে পারে। ফখরুল বলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে। কে আন্দোলন করবে? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি। দুর্নীতিবাজ দল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটা বছরের সেরা জোক (কৌতুক)।

ড. মোহাম্মদ ইউনূসের মামলার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলছে। দেশের আইন আছে। সে আইন অনুযায়ী ড. ইউনূস বিচার পাবেন। আইনের কোনো ব্যত্যয় হবে না। মামলায় তার প্রতি কোনো অবিচার করা হবে না। তার যে প্রাপ্য, সুষ্ঠু বিচার হবে। তাকে কোনোভাবে অপমান করার দুরভিসন্ধি আমাদের নেই।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দিস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com