শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

অস্ত্র আইনে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭৭ বার

রাজধানীর বনানী থানার অস্ত্র আইনে দায়ের করা মামলায় পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান।

এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন।

এ দিন দুপুর ১২টার দিকে কামাল আহমেদ মজুমদারকে আদালতের তোলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। স্থগিত করা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে জমাদানের নির্দেশ দেওয়া হয়। এ তারিখের মধ্যে কোনো অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে আসামি কামাল আহমেদ মজুমদার তার দুইটি আগ্নেয়াস্ত্র নিজে অথবা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে বনানী থানায় বা অন্য কোনো থানায় জমা দিয়েছেন কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে থানাকে অবহিতও করেননি। তার অস্ত্রের লাইসেন্সে উল্লিখিত ঠিকানায় উপস্থিত হয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্র আইনের ১৯(১) ধারায় কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন বনানী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল।

গত বছরের ১৮ অক্টোবর রাতে কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com