শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। ১৫ অক্টোবরের পরিবর্তে আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তা অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও পেশা-শ্রেণির প্রতিনিধিরা অংশ নেবেন। আগ্রহী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকালে অনুষ্ঠিত হবে।’

কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৫ অক্টোবর কর্মদিবস হওয়ায় সেদিন অনুষ্ঠান আয়োজন জটিল হতো। তাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কর্মসূচিকে জাঁকজমক ও ঐতিহাসিক করে রাখার

পাশাপাশি সর্বস্তরের জনগণের উপস্থিত নিশ্চিত করতে শুক্রবার করার প্রস্তাব করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রস্তাব করলে তিনি তাতে সম্মতি জানান। এই সময় সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার উপস্থিত ছিলেন।

জানা গেছে, জুলাই সনদে স্বাক্ষরের জন্য ৩০টি রাজনৈতিক দলের কাছে স্বাক্ষরকারী হিসেবে মনোনীত ২ জনের নাম জমা দিতে বলেছিল কমিশন। নির্ধারিত সময়ে সব দল মনোনীত স্বাক্ষরকারীর নাম জমা দেয়নি। এদিকে গতকাল শনিবার জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করার কথা থাকলেও কমিশনের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে আসতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক সদস্য বলেন, আমরা বিশেষজ্ঞ ও রাজনৈতিক মতামতগুলোকে বিশ্লেষণ করছি। তাদের মতামতগুলোকে সমন্বয় করেই সরকারের কাছে একাধিক প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখনও সমাধানে আসতে পারিনি। আজ আবারও বসা হবে। আশা করছি, শিগগিরই সমাধানে আসতে পারব। তবে কমিশনের আরেকটি সূত্র জানায়, প্রস্তাব চূড়ান্ত করতে আরও দু-একদিন সময় লাগবে।

এদিকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের বিষয়ে সংবিধানের অনুচ্ছেদ ৪ক বিলুপ্ত করার প্রস্তাব করছে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন। এ লক্ষ্যে কমিশন রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠিয়ে মতামত জানতে চেয়েছে। কমিশন রাজনৈতিক দলগুলোকে তাদের লিখিত মতামত গতকাল শনিবার বিকাল ৪টার মধ্যে কমিশনের বরাবর অথবা ইমেইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর জন্য অনুরোধ করে।

গতকাল পর্যন্ত তিনটি রাজনৈতিক দল এ নিয়ে তাদের মতামত জানিয়েছে। বাংলাদেশ জাসদ সংবিধান সমর্থন করে অনুচ্ছেদ বিলুপ্তির বিরোধিতা করেছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। আ স ম আব্দুর রবের জেএসডি ইতিহাসভিত্তিক অন্তর্ভুক্তিমূলক সংশোধনের পক্ষে মত দিয়েছে।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলের মধ্যে সমাধানের চেষ্টা চলছে। বিএনপি ও জামায়াতসহ নয়টি দল পৃথকভাবে বৈঠক করেও সমাধান করতে পারেনি। গত শুক্রবারও দল দুটির সঙ্গে পৃথকভাবে আলোচনা করেও কোনো সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে জুলাই সনদের চূড়ান্ত কপি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com