

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করলেও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে শেষ পর্যন্ত কাউকে না দিয়ে ভিন্ন পথে হাঁটল বিএনপি। দলটির এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। দীর্ঘদিন ধরে এই আসন থেকেই নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে এসে তাঁর রাজনৈতিক হিসাব মিলল না।
বিএনপি দুই দফায় দেশের ২৭২টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি শুরু থেকেই ফাঁকা রাখা হয়। দলের ভেতরে ধারণা ছিল, শেষ পর্যন্ত এখানেই রুমিন ফারহানার নাম আসবে। তবে সেই প্রত্যাশার অবসান ঘটে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দলের এক সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দেবে না। একই সঙ্গে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিবকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
অন্যদিকে দলীয় মনোনয়ন না মিললেও এই আসন থেকে নির্বাচন করার ব্যাপারে আগে থেকেই অনড় অবস্থান জানান রুমিন ফারহানা। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া–২ আসনেই তিনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সম্প্রতি এলাকায় এক কর্মসূচিতে নিজের অবস্থান স্পষ্ট করে রুমিন ফারহানা বলেন, ‘আমি যা বলি, আমি তা–ই করি; এইটা ভালো হইলে, ভালোমন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা–ই হোক, নির্বাচন করব আমি সরাইল–আশুগঞ্জ থেকেই।’