

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর তিন গুরুত্বপূর্ণ মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পুরান ঢাকার তাঁতিবাজার, সায়েন্স ল্যাব ও গাবতলীর টেকনিক্যাল মোড়ে বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালিত হবে। তবে আজকের কর্মসূচি এখানেই শেষ করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গাবতলী টেকনিক্যাল মোড়ে এ সমন্বিত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি প্রত্যাশাও বাড়ছে। দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।